কলকাতা ফাইনালে উঠলেও মর্গ্যানকে নিয়ে উঠছে প্রশ্ন
আপডেট করা - Oct 14, 2021 5:24 pm

আইপিএল ২০২১ -এর দ্বিতীয় পর্যায়ে দারুন ভাবে ফিরে এসেছে কলকাতা নাইট রাইডার্স। এবার অপেক্ষা ফাইনালের। কলকাতার এই কামব্যাকে টিমকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে ক্রিকেট বিশ্ব। কিন্তু এই জয়ের ধারায় যাকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মর্গ্যান।
এবার তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। একটা ম্যাচেও তাঁর নামের প্রতি সুবিচার করতে পারেননি নাইটদের অধিনায়ক। এমনকী কোয়ালিফায়ার ২-তে দিল্লির বিরুদ্ধে টিমের কঠিন সময়েও তাঁর ব্যাটে রান আসেনি। শূণ্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। অনেক দিন আগে থেকেই মর্গ্যানের পারফরম্যান্স নিয়ে কথা উঠলেও, দিল্লি ম্যাচের পর তা আরও জোরাল ভাবে উঠতে শুরু করেছে।
মর্গ্যানের পারফরম্যান্স নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ কামান দেগেছেন। তাঁর কথায়, ‘‘ও আর কখনও কলকাতার হয়ে খেলবে কিনা, জানি না। কারণ কথা বলা ছাড়া তো আর কোথাও কিছু করেনি। অধিনায়ক হলে তো রানও করতে হয়। এখনও পর্যন্ত ওর কাছ থেকে মনে রাখার মতো কিছু পাইনি।’’ সেওয়াগের সংযোজন, ‘‘কেকেআর-এর অধিনায়ক তো ২০-২৫ রানও করতে পারছে না। কিছুই করতে পারেনি। দীনেশ কার্তিককে গত বার মাঝপথে সরিয়ে দিয়েছিল কলকাতা। তা হলে মর্গ্যানের ক্ষেত্রেও সেটা করা হবে না কেন? আমি নিশ্চিত নই, ওকে পরের বছর নিলামের আগে আদৌ রাখা হবে কিনা।’’
এ বারের আইপিএল-এ এখনও পর্যন্ত ১৬টি ম্যাচে ১২৯ রান করেছেন মর্গ্যান। গড় ১১.৭২, স্ট্রাইক রেট ৯৮.৪৭। দলগত পারফরম্যান্স না হলে একটা ম্যাচও জেতা সম্ভব হতো না কলকাতার। কিন্তু অধিনায়ক হিসেবে মর্গ্যান কোনও ছাপই ফেলতে পারছেন না বলে সমালোচকরা একহাত নিচ্ছেন নাইট অধিনায়ককে।