পাঁচ বছর পর ফের শীর্ষে রবীন্দ্র জাদেজা, অলরাউন্ডারদের তালিকা প্রকাশ আইসিসির
আপডেট করা - Mar 9, 2022 3:44 pm

চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন রবীন্দ্র জাদেজা। এবার আইসিসির তালিকাতেও সকলকে ছাপিয়ে শীর্ষে পৌঁছে গেলেন স্যার জাদেজা। আইসিসির র্যাঙ্কিংয়ে অল রাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট শেষ হওয়ার ৭২ ঘন্টার মধ্যেই নিজের পুরষ্কার পেয়ে গেলেন স্যার জাদেজা। আর তাতেই আপ্লুত স্যার জাড্ডুর অসংখ্য ভক্ত। এবার তাঁর হাত ধরে বেঙ্গালুরু টেস্ট জেতার অপেক্ষায় ভারত।
দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে ছিলেন রবীন্দ্র জদেজা। ভারত বনাম নিউ জিল্যান্ড সিরিজ সহ দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও খেলতে পারেননি তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধেই চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছিলেন রবীন্দ্র জাদেজা। আর মাঠে ফিরেই সকলকে চমকে দিয়েছেন তিনি। শ্রীলঙ্কা বাহিনীকে একাই শেষ করে দিয়েছেন তিনি।
বুধবারই প্রকাশিত হয়েছে আইসিসির অল রাউন্ডারদের ক্রম তালিকা। আর সেখানেই শীর্ষস্থানে পৌঁছে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স দেখার পর থেকেই সকলে উচ্ছ্বাস প্রকাশ করেছিল জাদেজাকে নিয়ে। তাঁর পারফরম্যান্স দেখে মুহ্ধ হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা। কেউ কেউ তো তাঁকে সেরা অল পাউন্ডারের তকমাও দিয়ে দিয়েছিলেন। বুধবার সেই তকমাটাই সরকারীভাবে বসল রবীন্দ্র জাদেজার নামের পাশে।
পাঁচ বছর পর আইসিসির অল রাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন রবীন্দ্র জাদেজা
আইসিসির বিচারেএখন তিনি বিশ্বের সেরা অল রাউন্ডার। ২০১৭ সালে শেষবার আইসিসির অল রাউন্ডারের ক্রম তালিকায় শীর্ষে পৌঁছেছিলেন রবীন্দ্র জাদেজা। মাঝে কেটে গিয়েছে ৫ বছর। ফের নিজের সিংহাসন ফিরে পেলেন স্যার জাদেজা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। বিশেষ করে শেষ দুই টি টোয়েন্টিতে তাঁর ঝোরো ইনিংস সকলের নজর কেড়েছিল।
মোহালীতে ভারতের হয়ে প্রথম টেস্টে নেমেছিলেন রবীন্দ্র জাদেজা। তাঁর হাত ধরেই লঙ্কা বাহিনীকে মাত্র ৩দিন শেষ করে দিয়েছিল শ্রীলঙ্কা। টেস্টের দ্বিতীয় দিন থেকেই মোহালীর বাইশ গজে দেখা গিয়েছিল জাদেজা। ১৭৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে সেই ম্যাচে দাঁড়িয়েই ভেঙেছিলেন একের পর এক রেকর্ড। কপিল দেবের রেকর্ড ভেঙে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় ক্রিকেটার হিসাবে সাত নম্বর পজিশনে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রান করেছিলেন রবীন্দ্র জাদেজা।
অপরাজিত ১৭৫ রানের পাশাপাশি দু ইনিংসে তাঁর ঝুলিতে রয়েছে ৯টি উইকেট। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে একাই পাঁচ উইকেট নিয়ে শেষ করে দিয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে। দ্বিতীয় ইনিংসেও জাদেজার হাতে এসেছিল ৪টি উইকেট। আর তাতেই সহজে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেই পারফরম্যান্সের ৭২ ঘন্টা কাটতে না কাটতেই জাদেজার মাথায় নতুন মুকুট। আইসিসির আল রাউন্ডারদের তালিকায় তিনি এখন শীর্ষে।