আইপিএলে অনিশ্চিত দীপক চাহার, চিন্তা বাড়ছে চেন্নাই সুপার কিংসের
আপডেট করা - Mar 2, 2022 10:00 pm

আইপিএলে নামার আগেই বড়সড় ধাক্কা খেতে চলেছে চেন্নাই সুপার কিংস। পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার জন্য আইপিএলের মঞ্চে নাও খেলতে পারেন দীপক চাহার। শুরু থেকে তো নয়ই, আইপিএলের বেশীরভাগ ম্যাচই দীপক চাহারের না খেলার সম্ভাবনা। আর তাতেই আইপিএল শুরুর আগে চিন্তায় পড়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস শিবির। তাঁর জায়গায় কোন ক্রিকেটারকে নেওয়া হবে তা নিয়েও ভাবনা শুরু হয়ে গিয়েছে ধোনিদের শিবিরে। এবারের আইপিএলে চেন্নাইয়ের সবচেয়ে দামী ক্রিকেটারের তকমা রয়েছে দীপক চাহারের গায়ে।
আসন্ন আইপিএলের জন্য দীপক চাহারকে ১৪ কোটি টাকা দিয়ে দলে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। নিবামের আগে তাঁকে ছেড়ে দেওয়া হলেও, বিরাট অঙ্কে ফেরানো হয়েছে এই তারকা ক্রিকেটারকে। এই মুহূর্তে চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির থেকেও দামী ক্রিকেটার দীপক চাহার। কিন্তু ভারতীয় দলের হয়ে খেলার সময় চোট পাওয়াটাই এখন চিন্তা ফেলে দিয়েছে চেন্না সুপার কিংসকে।
ইএসপিএন ক্রিকইনফোয় প্রকাশিত একটা প্রতিবেদন অনুযায়ী শোনাযাচ্ছে দীপক চাহারের চোট নাকি শীঘ্রই সেরে ওঠার নয়। এনসিএ-তে তিনি রিহ্যাব চালালেও, খুব শীঘ্র মাঠে ফিরতে পারবেন না। কোয়াড্রিকেপ টিয়ার হয়েছে তাঁর। শোনাযাচ্ছে আইপিএলের বেশীরভাগ ম্যাচেই তাঁকে নাকি পাওয়ার সম্ভাবনা নেই। এমনকী আইপিএলে নাও খেলতে পারেন তিনি।
হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য অনিশ্চিত দীপক চাহার, চিন্তায় চেন্নাই সুপার কিংস
যদিও এখনও পর্যন্ত কোনওরকম চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি চেন্নাই সুপার কিংস। আপাতত দীপক চাহারের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট। সবকিছু পুরোপুরি জানার পরই তাঁর পরিবর্ত ক্রিকেটার নিয়ে চিন্তা করতে পারে তারা। ইতিমধ্যেই সুরাট পৌঁছে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনিরা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সেভাবে ব্যাটিং করার সুযোগ না মিললেও বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। কিন্তু বিপত্তি হয় শেষ টি টোয়েন্টির ক্ষেত্রেই। বল করার সময়ই পায়ে চোট পান তিনি। এরপরই মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে হয় এই তারকা ক্রিকেটারকে। সেই থেকেই শুরু হয়েছিল জল্পনাটা। এরপরই শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যান দীপক চাহার। এবার শোনাযাচ্ছে আইপিএলেও একটা বড় সময় খেলতে পারবেন না তিনি।
আর এই খবরে চেন্নাই সুপার কিংস শিবিরে চিন্তা বাড়াটাই স্বাভাবিক। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। গতবছর শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর অপরাজিত ৬৯ রানের ইনিংসের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিমনের ম্যাচে ৫৪ রানের ঝোরো ইনিংস খেলেছি্লেন দীপক চাহার। এরপরই আইপিএলের অন্যতম দামী ক্রিকেটার হয়ে উঠেছিলেন তিনি।
আগামী ২৬ মার্চ শুরু হবে আইপিএল। প্রথম ম্যাচেই নামবে চেন্নাই সুপার কিংস। কিন্তু সেই ম্যাচে তো তিনি নেই-ই, এবারের আইপিএলে চেন্নাই কতগুলো ম্যাচে তাঁকে পাবে, তা নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।