“সামর্থ্য অনুযায়ী খেলোয়াড়দের সাহায্য করতে হবে” – টেস্ট দলের সহ-অধিনায়ক নির্বাচিত হওয়া প্রসঙ্গে জসপ্রিত বুমরাহ

দক্ষিণ আফ্রিকা সফরের পর বিশ্রাম নিয়ে টেস্ট দলে ফিরে এসেছেন বুমরাহ

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo Source: Twitter/BCCI)

টিম ইন্ডিয়ার পেসার জসপ্রিত বুমরাহ শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজে একটি নতুন ভূমিকা নিয়ে মাঠে নামবেন। ভারতের টেস্ট দলের সহ-অধিনায়কের ভূমিকায় প্রথমবারের জন্য দেখা যাবে বুমরাহকে। এর পাশাপাশি মূলত বিদেশী টেস্টের জন্য দলে থাকা বুমরাহ, ঘরের মাঠে বিরল টেস্ট খেলবেন। ২৮ বছর বয়সী যদিও বলেছেন যে টেস্ট ক্রিকেট খেলা তাঁর জন্য সবসময়ই বিশেষ, হোম বা অ্যাওয়ে ম্যাচ নির্বিশেষে।

বুমরাহ এখনও পর্যন্ত তাঁর ২৭ টেস্টের কেরিয়ারে ভারতে মাত্র দুটি টেস্ট খেলেছেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় তাঁর দুর্দান্ত টেস্ট রেকর্ড রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের জন্য তিনি কীভাবে প্রস্তুতি নিচ্ছেন জানতে চাইলে স্পিডস্টার বলেন, “যখনই আমি সুযোগ পেয়েছি, আমি ভালো করার চেষ্টা করেছি। আমি অনেক রঞ্জি ট্রফি ক্রিকেট খেলেছি, এই কন্ডিশন আমার কাছে অপরিচিত নয়। আমি ভারতে অনেক ক্রিকেট খেলেছি, সেই কারণেই আমি টেস্ট দলে জায়গা করে নিয়েছি।” 

বুমরাহ যোগ করেছেন যে টেস্ট খেলা মানেই পরিস্থিতি এবং অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়া। এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন, “টেস্ট ক্রিকেট খেলা সবসময়ই একটি বিশেষ অনুভূতি, সেটা যে কোনো জায়গায়ই হোক না কেন। আমি কোনো ম্যাচ দেখে বলি না যে আমাকে বিদেশে খেলতে হবে বা আমাকে ঘরে খেলতে হবে। আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, উইকেট বিশ্লেষণ করেছি এবং আমার সুবিধার জন্য এটি ব্যবহার করার চেষ্টা করেছি।”

চেষ্টা করব রোহিতকে যেভাবে পারি সাহায্য করার: জসপ্রিত বুমরাহ

ভারতের নতুন টেস্ট সহ-অধিনায়ক জসপ্রিত বুমরাহ সত্যিই তাঁর দায়িত্ব পালন করতে উন্মুখ। এমন অনেকেই ছিলেন যাঁরা বুমরাহকে টেস্ট দলের সহ-অধিনায়ক হতে দেখে বিস্মিত হয়েছিলেন কারণ কপিল দেব ছাড়া ভারতে এর আগে খুব বেশী পেসারকে নেতৃত্বের ভূমিকায় দেখা যায়নি। 

সহ-অধিনায়কের ভূমিকা প্রসঙ্গে বুমরাহ বলেছেন, “আমি এটিকে একটি নির্দিষ্ট অবস্থান হিসাবে দেখি না। এমন কোন কথা নেই যে একজন স্পিনার বা ফাস্ট বোলার, বা একজন ব্যাটারকেই নেতা হতে হবে। দলের একজন সিনিয়র সদস্য হিসেবে আপনার সামর্থ্য অনুযায়ী খেলোয়াড়দের সাহায্য করতে হবে। আমি আগেই বলেছি আমার জন্য এটি একটি পদ মাত্র। হ্যাঁ, এটি একটি দুর্দান্ত সুযোগ এবং আমি এটি গ্রহণ করতে পেরে খুব খুশি। কিন্তু বোলার না ব্যাটার হিসেবে এই পদ পেলাম সেটা কোন ব্যাপার না। এটা নির্ভর করে আপনি কীভাবে সেই পদটি পরিচালনা করেন এবং আপনি কতটা কৌশলগতভাবে শক্তিশালী। তাই, আমি চেষ্টা করব রোহিতকে যেভাবে পারি সাহায্য করার।”

৪ঠা মার্চ মোহালির পিসিএ স্টেডিয়ামে প্রথম টেস্টে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে।  

close whatsapp