“এতো দিন কথা বলা ছাড়া বিশেষ কিছু করেনি”, মর্গ্যানকে কটাক্ষ বীরেন্দ্র সেহওয়াগের

বীরুর মতে কেকেআর মেগা নিলামের আগে মর্গ্যানকে রিটেন করবে না

Virender Sehwag and Eoin Morgan
Virender Sehwag and Eoin Morgan. (Photo Source: Getty Images and IPL/BCCI)

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মর্গ্যানের পারফর্ম্যান্সে খুশি নন। কেকেআর প্লে-অফের জন্য কোয়ালিফাই করলেও মর্গ্যান লিগ পর্যায়ে একেবারেই ফর্মে ছিলেন না। ১৪টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ১২৪ রান, ১০২.৪৭ স্ট্রাইক রেটে। 

ক্রিকবাজ লাইভ হিন্দীতে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্সের এলিমিনেটর ম্যাচের প্রিভিউ করার সময় মর্গ্যান সম্বন্ধে সবিস্তারে আলোচনা করেছেন সেহওয়াগ । পরের বছর মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স তাঁকে আদৌ ধরে রাখবেন কি না সেই নিয়ে বীরু সন্দিহান। তিনি বলেছেন, “কেকেআর অধিনায়ক ধারাবাহিকভাবে ২০-২৫ রানও করতে পারছে না। বিশেষ কিছুই অবদান রাখেনি। গত বছর মরসুমের মাঝে কেকেআর অধিনায়ক বদলাল, কিন্তু আমার মনে হয় না মেগা নিলামের আগে মর্গ্যানকে ধরে রাখা হবে।”

পরের মাসে বিসিসিআই আইপিএলের নতুন দুটি দলের নাম ঘোষণা করবে। যত দিন না তাদের নাম ঘোষণা হচ্ছে তত দিন নিলামের ব্যাপারেও বোর্ড কিছু জানাবে না বলেই মনে হচ্ছে। ফলে রিটেনশন পলিসি কেমন হতে চলেছে এবং দলগুলি সেই পলিসি অনুযায়ী কাদের ধরে রাখবে সেই ব্যাপারে এখনো অবধি ধোঁয়াশা রয়ে গেছে।

এতো দিন কথা বলা ছাড়া বিশেষ কিছু করেনি

তিনি আরো বলেন, “ভবিষ্যতে কলকাতার হয়ে আর কখনো খেলবে কি না সেটা দেখার বিষয়। মর্গ্যান বেশ কিছু দলের হয়ে আইপিএল খেলে ফেলেছে। কিন্তু এতো দিন কথা বলা ছাড়া বিশেষ কিছু করেনি। অধিনায়ক হিসেবে রানও করতে হবে। কিন্তু ওর কাছ থেকে সেরকম গুরুত্বপূর্ণ অবদান পাওয়া যায়নি।”

ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক ইয়ন মর্গ্যান নিজের সেরা খেলাটা খেলতে পারেননি। কেকেআর ছাড়াও অন্যান্য দলে খেলার সময়েও তাঁকে নিজের সেরা ফর্মে দেখা যায়নি। তাঁর আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল ২০১০-এ রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। এরপর তিনি কলকাতা নাইট রাইডার্স ছাড়াও খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে।

৮১ ম্যাচে মোট রান করেছেন মাত্র ১৩৯৬। এমন একটি মরসুমও যায়নি যেখানে তিনি একটির বেশি হাফ সেঞ্চুরী করেছেন। এই বছর তাঁর সর্বোচ্চ ৪৭*। সেখানে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-২০তে ১০৭ ম্যাচ খেলে তাঁর রান ২৩৬০, গড় ২৮.৭৮ ও স্ট্রাইক রেট ১৩৮.২৫। আজ এলিমিনেটরে তাঁর ব্যাট জ্বলে উঠে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দিতে পারে কিনা এখন সেটাই দেখার।  

close whatsapp