মোহালীতে শততম টেস্টের প্রস্তুতি শুরু বিরাট কোহলির
আপডেট করা - Feb 27, 2022 10:46 pm

বিরাট কোহলির প্রস্তুতি শুরু। সামনে রয়েছে মাইলস্টোন ম্যাচ। কেরিয়ারের শততম টেস্ট খেলতে নামবেন বিরাট কোহলি। তাই আর সময় নষ্ট করতে নারাজ প্রাত্তন ভারত অধিনায়ক। রবিবার ভারত যখন শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি খেলতে ধরমশালায় নেমেছে, সেই সময়ই মোহালীর নেমে নেমে পড়লেন বিরাট কোহলি। তাঁর সামনে এখন ১০০ তম টেস্টের হাতছানি। প্রস্তুতিতে তাই কোনো খামতি রাখতে চাননা বিরাট কোহলি। বিশ্রাম কাটিয়ে মাঠে নেমে পড়লেন তিনি।
আগামী ৪ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামবে ভারত। সেই ম্যাচেই প্রথমবার টেস্ট অধিনায়ক হিসাবে দেখা যাবে রোহিত শর্মাকে। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর এই প্রথমবার ক্রিকেটার হিসাবে মাঠে নামবেন বিরাট কোহলিও। আবার সেই ম্যাচেই বিরাটের সামনে রয়েছে নতুন মাইলস্টোনের হাতছানি। আর সেই প্রস্তুতিতেই এখন মগ্ন বিরাট কোহলি।
দীর্ঘদিন ধরে তাঁর ব্যাটে রান নেই। কেরিয়ারের মাইলস্টোন ম্যাচ দিয়ে বড় রানে ফিরতে মরিয়া তিনি। বিরাট কোহলির ব্যাট থেকে শতরান দেখার জন্য মুখিয়ে রয়েছে তাঁর অগুন্তী ভক্তরাও। সেই কথা হয়ত বিরাট কোহলিও বুঝতে পারছেন। তবে বিরাটের শততম টেস্ট মাঠে বসে দেখার উপায় নেই তাঁর ভক্তদের। কারণ পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে সমর্থক প্রবেশের অধিকার দেয়নি। টিভির পর্দাতেই তা দেখতে হবে সকলকে।
শততম টেস্টের প্রস্তুতি শুরু বিরাট কোহলির
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলেছেন তিনি। টি টোয়েন্টি সিরিজেও ইডেন গার্ডেন্সে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। সেখানেই ভারতের সিরিজ জয়ের ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল অর্ধশতরান। যদিও শেষ টি টোয়েন্টি ম্যাচের আগেই তাঁকে বিশ্রামের সিদ্ধান্ত নেন নির্বাচকরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও ছিলেন না তিনি। ঋষভ পন্থকেও বিশ্রাম দেওয়া হয়েছিল।
শনিবারই মোহালীতে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ঋষভ পন্থ, অশ্বিন এবং প্রিয়াঙ্ক পঞ্চালরা। রবিবার থেকে মাঠে নেমে পড়লেন বিরাট কোহলিও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজটা একেবারেই ভাল যায়নি তাঁর। টেস্ট সিরিজ যেমন হেরেছেন, তেমন ব্যাটে বড় রানও পাননি্ বিরাট কোহলি। সিরিজ হারের পরই অধিনায়কত্বের দায়িত্বও ছেড়েছিলেন তিনি। সেসমস্ত ঘটনার পর এই প্রথমবার ঘরের মাঠে টেস্ট ম্যাচে নামছেন বিরাট কোহলি।
তাও আবার তাঁর সামনে শততম টেস্টের হাতছানি। সেই ম্যাচ দিয়েই ফের বিরাট কোহলি তাঁর পুরনো ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।