কেন আইপিএলে ক্রেতা জুটল না তাঁর ও অ্যাডাম জাম্পার, কারণ ফাঁস করলেন রিচার্ডসন
যদিও রিচার্ডসন জানিয়েছেন এই কারণটির ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত নন তিনি
আপডেট করা - Feb 16, 2022 11:44 am

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম সংস্করণের জন্য মেগা নিলাম ১২ ও ১৩ই ফেব্রারি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছিল। নিলামে তালিকাভুক্ত ৫৯০ জনের মধ্যে মোট ২০৪ জন খেলোয়াড় বিক্রি হয় এবং ১০টি দল পরবর্তী তিন বছরের জন্য তাদের স্কোয়াড গঠন করে। তবে অবিক্রিতদের মধ্যে বেশ কিছু বড় নাম ছিল। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য অস্ট্রেলিয়ান কেন রিচার্ডসন ও অ্যাডাম জ্যাম্পা।
গত মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এই দুই খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছিল। কিন্তু তারা খুব বেশি ম্যাচ খেলতে পারেননি এবং ভারতে কোভিডের দ্বিতীয় তরঙ্গের কারণে টুর্নামেন্ট থেকে যাঁরা নাম প্রত্যাহার করেছিলেন তাঁদের মধ্যে এই দুজনই ছিলেন। রিচার্ডসন ও জ্যাম্পা কেন এই নিলামে ক্রেতা পেলেন না সেই সম্পর্কে বলতে গিয়ে রিচার্ডসন বলেছেন গত বছর আইপিএলের মাঝপথে তাঁদের দুজনের ছেড়ে চলে যাওয়া এই বছর তাঁদের কোনো বিড না পাওয়ার অন্যতম কারণ।
নিজের চেয়েও অ্যাডাম জ্যাম্পা অবিক্রিত থাকায় বেশী অবাক রিচার্ডসন
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলা সত্ত্বেও জাম্পাকে অবিক্রিত হতে দেখে রিচার্ডসন আরও অবাক হয়েছেন। “আমি তার জন্য আরও বেশী হতবাক হয়েছি। নির্মমভাবে সৎ হয়ে বলছি, আমরা যখন গত বছর ওইরকম পরিস্থিতিতে চলে গিয়েছিলাম সেই সময়ে তার (জ্যাম্পা) সাথে একটি কথোপকথন আমার মনে আছে। আমি তাকে বলেছিলাম, দেখো এটি কিন্তু পরে আমাদের পীড়া দিতে পারে, এবং সেই সময়ে আমাদের সেখানে (ভারত) থাকা অগ্রাধিকার ছিল না। আমরা অস্ট্রেলিয়ায় ফিরে যেতে চেয়েছিলাম।”
“সুতরাং আমি মনে করি এমন কিছু ক্রেতা থাকবে যারা আমাদের বাছাই করার ব্যাপারে এই ভেবে বেশ সতর্ক ছিল যে আমরা আর আসব না। আমি অবশ্যই মনে করি এটি একটি কারণ,” ইএসপিএনক্রিকইনফো অনুসারে অজি পেসার বলেছেন।
যদিও, কেন রিচার্ডসন দ্রুত স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি শুধুমাত্র কারণটি অনুমান করছেন এবং কোন ফ্র্যাঞ্চাইজিই তাঁকে এই বিষয়ে কিছু বলেনি। তাঁর মনে হয়েছে যে ২০২০ আইপিএলে সুযোগ পাওয়া সত্ত্বেও তাঁর সন্তানের জন্মের কারণে আইপিএল খেলতে না আসায় তাঁর সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেই প্রসঙ্গে তিনি বলেছেন, “আসলে কোনটা কারণ সেটা আমি না জেনেই বলছি। আমি কখনই কোনও ফ্র্যাঞ্চাইজি বা এমন কোনও ব্যক্তির সাথে কথা বলিনি যে বলে দিয়েছে এটিই আসল কারণ। কিন্তু আমার মনে হয় আমি এক বছর আগেও যাইনি আমার ছেলের জন্মের জন্য। তাই গত দুই বছরে আমার সম্বন্ধে এমন ধারণা তৈরী হয়েছে, আদতে যা আমি নই।”
“আমি যতটা পারি ক্রিকেট খেলার চেষ্টা করি। কিন্তু আমি মনে করি গত দুটি আইপিএলের পরিস্থিতি আমাকে না যেতে বাধ্য করেছে। তবে আমার সম্বন্ধে এমন ধারণা আমি চাই না। আমি মনে করি এই কারণেই তারা আমাদেরকে নেওয়ার ব্যাপারে বিচলিত ছিল, যদিও আমি ১০০ শতাংশ নিশ্চিত নই,” রিচার্ডসন যোগ করেছেন।