“যে কোনো দিন ৩০ বলে ৭০-৮০ রান করতে পারেন” – হরভজন মনে করেন ঈশান কিষাণের দিকে আরসিবির লক্ষ্য থাকবে
আসন্ন মেগা নিলামে ঈশানের ন্যূনতম মূল্য ২ কোটি টাকা
আপডেট করা - Feb 11, 2022 10:46 am

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ মেগা নিলাম প্রায় চলেই এসেছে। ক্রিকেট পন্ডিত এবং বিশেষজ্ঞরা এখন তাঁদের ভবিষ্যদ্বাণী এবং বিশ্লেষণে ব্যস্ত। আগামী ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে দুই দিনের বিডিং ইভেন্ট অনুষ্ঠিত হবে। মোট ৫৯০ জন খেলোয়াড় – ৩৭০ জন ভারতীয় এবং ২২০ জন বিদেশী – নিলামের চূড়ান্ত তালিকায় আছেন এবং স্কোয়াডগুলি কেমন হবে তা দেখতে আকর্ষণীয় হবে।
এদিকে, প্রাক্তন ভারতীয় অফ-স্পিনার হরভজন সিং মনে করেন যে বিডিং ইভেন্টে ঈশান কিষাণ সবচেয়ে বেশি চাহিদা থাকা খেলোয়াড়দের একজন হবেন। ঝাড়খণ্ডের ব্যাটার গত কয়েক মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অসামান্য পারফর্ম্যান্স করেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটের স্বল্প সুযোগে ভালো করেছেন। যেহেতু তিনি উইকেটকিপারের গ্লাভস হাতেও সফল, তাই অনেক ফ্র্যাঞ্চাইজি তাঁর জন্য বিশাল পরিমাণ অর্থ নিয়ে নিলামে ঝাঁপাবে বলে আশা করা হচ্ছে।
‘দায়িত্বের সাথে সাথে তিনি আরও উন্নত হবেন’ – দরাজ কণ্ঠে ঈশান কিষাণের প্রশংসা করলেন ভাজ্জি
হরভজনেরও একই মত। তিনি বলেছেন ২৩ বছর বয়সী ভবিষ্যতে একজন ‘বড় খেলোয়াড়’ হয়ে উঠবেন, এবং প্রাক্তন ক্রিকেটারের বিশ্বাস যে কিষাণকে নেতৃত্বের ভূমিকাও দেওয়া যেতে পারে।
“ঈশান কিষাণ এমন একজন যার আমি ভক্ত। নিজের সামর্থ্যের জোরে তিনি যে কোনো দিন ৩০ বলে ৭০-৮০ রান করতে পারেন এবং তাঁর দলকে ম্যাচ জেতাতে পারেন। আগামী সময়ে তিনি অনেক বড় খেলোয়াড় হয়ে উঠবেন। তাঁর মতো একজন খেলোয়াড় যদি কোনো দলে যায়, তাঁকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া উচিত,” হরভজন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন।
৪১ বছর বয়সী এও পরামর্শ দিয়েছেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ঈশানকে অনুসরণ করবে কারণ বিরাট কোহলি নেতৃত্বের ভূমিকা থেকে সরে যাওয়ায় তাদের একজন অধিনায়ক প্রয়োজন। “তাঁর যতো বয়স বাড়বে, দায়িত্বের সাথে সাথে তিনি আরও উন্নত হবেন। তিনি ইতোমধ্যেই ঝাড়খণ্ডের অধিনায়ক হয়েছেন। নিলামে অবশ্যই ঈশান কিষাণকে টার্গেট করবে আরসিবি। তাঁকে পাওয়া কঠিন হবে কারণ নিলামে অনেক দল তাঁকে অনুসরণ করবে,” যোগ করেছেন হরভজন।
ইতোমধ্যে, আটটি বিদ্যমান ফ্র্যাঞ্চাইজি নিলামের আগে সর্বোচ্চ চারজন খেলোয়াড় ধরে রাখার অনুমতি পেয়েছিল। দুটি নতুন দল – লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাত টাইটান্স – ড্রাফটের তালিকা থেকে তিনজন খেলোয়াড়কে বেছে নিয়েছে। কিষাণ গত মরসুম পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স দলের অংশ ছিলেন। তবে, তিনি ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা চারজন ক্রিকেটারের মধ্যে ছিলেন না।