টিম হোটেলে কোয়ারেন্টাইনে ধওয়ান, ঘরে থেকেই বিশেষ বার্তা গব্বরের
আপডেট করা - Feb 3, 2022 9:17 pm

আগামী ৬ ফেব্রুয়ারী ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হাজারতম একদিনের ম্যাচে নামবে ভারত। কিন্তু তার আগেই ভারতীয় শিবিরে করোনার হানা। টিম ইন্ডিয়ার মাইলস্টোন ম্যাচেই কার্যত নেই শিখর ধওয়ান। করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। টিম ইন্ডিয়ার মাইলস্টোন ম্যাচে তাঁর নামার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ নিয়ম অনুযায়ী আপাতত সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁকে। তারপর আরটি-পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ এলেই মাঠে নামতে পারবেন শিখর ধওয়ান।
টিম হোটেলে আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন গব্বর। সেখান থেকেই সকলের উদ্দেশ্যে আবেগতাড়িত বার্তা শিখর ধওয়ানের। তাঁর আরোগ্য কামনা এবং এই পরিস্থিতিতে সকলের পাশে থাকার জন্য তিনি কৃতজ্ঞ। শীঘ্রই সুস্থ হয়ে মাঠে ফিরতে চলেছেন তিনি। শিখর ধওয়ান অবশ্য একা নন, তাঁর সঙ্গেই করোনায় আক্রান্ত হয়েছেন শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়। টি টোয়েন্টি স্কোয়াডের নভদীপ সাইনি ও অক্ষর পটেলও করোনার শিকার।
যা নিয়ে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্টের কপালে। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় বোর্ডও। ইতিমধ্যেই একদিনের দলের সঙ্গে জু়ড়ে দেওয়া হয়েছে ময়াঙ্ক আগরওয়াল ও ঈশান কিষাণকে। রোহিতের সঙ্গে মজবুত ওপেনিং জুটি চাইছে বোর্ড। অধিনায়ক হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই প্রথম বার একদিনের ম্যাচে নামবে রোহিত শর্মা। আর তাঁর সঙ্গে আরেক ওপেনার হিসাবে খেলার কথা ছিল শিখর ধওয়ানেরই।
টিম হোটেলে কোয়ারেন্টাইন থেকেই বার্তা শিখর ধওয়ানের
Thank you everyone for your wishes 🙏 I’m doing fine and humbled by all the love that’s come my way 😊 pic.twitter.com/oKvyXAwGk9
— Shikhar Dhawan (@SDhawan25) February 3, 2022
কিন্তু হঠাত্ করোনার হানায় ভারতীয় দলের সমস্ত হিসাব নিকাশ ভেস্তে গিয়েছে। বুধবার দ্বিতীয় আরটি-পিসিআর টেস্টেপ পরই বড়সড় ধাক্কা লাগে ভারতীয় দলে। কোনও রকম উপসর্গ না থাকলেও, করোনায় আক্রান্ত হন শিখর ধওয়ান। আর সেই খবরে চিন্তা বাড়াটাই স্বাভাবিক। ওপেনিংয়ে তিনি ছিলেন ভারতীয় দলের অন্যতম ভরসা। বিশেষ করে ভারতের সামনে যখন রয়েছে ১০০০ তম একদিনের ম্যাচ।
শ্রীলঙ্কা সফরের পর দীর্ঘ ছ মাসের বিরতি। টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলে ছিলেন না শিখর ধওয়ান। প্রায় ছ মাস পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ দিয়েই ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন তিনি। প্রত্যাবর্তনের মঞ্চে কিন্তু সাফল্যের সঙ্গেই হেঁটেছেন গব্বর। তিন ম্যাচের সিরিজে দুটোতেই অর্ধশতরান পেয়েছিলেন ধওয়ান।
আর সেই পারফরম্যান্সের জেরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় একদিনের দলে নিজেক জায়গা পাকা করে ফেলেছিলেন তিনি। বহুদিন পর ফের রোহিত-ধওয়ান জুটি দেখার অপেক্ষায় ছিলেন সকলে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে অন্তত সেই ছবি দেখা যাবে না। করোনার পরীক্ষায় নেগেটিভ এলেই ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। টিম হোটেল কোয়ারেন্টাইনে ধওয়ানও এখন সেই অপেক্ষাতেই।