ময়াঙ্কের ব্যাকআপ হিসাবে একদিনের দলে ঈশান কিষাণ, অনুশীলনে ফিরলেন রোহিতরা
আপডেট করা - Feb 3, 2022 8:29 pm

ভারতীয় দলে হঠাত্ই করোনার হানা। বৃহস্পতিবার অনুশীলনে নামার আগেই ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ঘিরে করোনার আতঙ্ক ছড়াতে শুরু করে। অনুশীলন শুরুর একদিন আগেই দলের তিন ক্রিকেটার সহ ভারতীয় দলের আরও পাঁচজন সদস্য করোনায় আক্রান্ত হন। আর তাতেই সিরিজ শুরুর আগে চিন্তার ভাঁজ পড়ে বোর্ড কর্তা থেকে টিম ম্যানেজমেন্টের কপালে। শিখর ধওয়ান, রুতুরাজ গায়কোয়াড় ও শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটার করোনায় আক্রান্ত হন। ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে দলে এলেন ঈশান কিষাণও।
আর সেই থেকেই বোর্ডের চিন্তা বাড়তে থাকে। আগামী ৬ ফেব্রুয়ারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে নামার কথা ভারতের। কিন্তু সেই ম্যাচ এখন নির্দিষ্ট সূচী অনুযায়ী হবে কিনা তা নিয়েই চলছে জল্পনা। একইসঙ্গে জল্পনা শুরু হয়েছিল ম্যাচ হলে প্রথম একাদশ ভারতীয় দল নামাতে পারবে তো।
প্রথম একদিনের ম্যাচে লোকেশ রাহুল নেই। রোহিতের সঙ্গে শিখর ধওয়ানকেই ওপেনিং জুটি হিসাবে ভাবা হচ্ছিল প্রথম একদিনের ম্যাচে। রুতুরাজ ছিলেন ব্যাকআপ হিসাবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী রবিবারই ১০০০ তম একদিনের ম্যাচে নামার কথা ভারতের। কিন্তু করোনার হঠাত্ হানায় সমস্ত প্ল্যানিংই এখন বিষ বাও জলে। প্রথম একাদশ বাছা নিয়েই যেব হিমশিম খাচ্ছেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা। তাই তাড়াতাড়ি ড্যামেজ কন্ট্রোল করতে টি টোয়োন্টি স্কোয়াড থেকে ঈশান কিষাণকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওপেনিংয়ের সমস্যা মেটাতে ময়াঙ্কের ব্যাক আপ ক্রিকেটার হিসাবে দলে এলেন ঈশান কিষাণ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের দলে সুযোগ পাননি ঈশান কিষাণ। কিন্তু করোনার জন্য প্রথম ম্যাচে ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে তিনিই হয়ত ওপেনিং করতে নামবেন। ধওয়ান, রুতুরাজ কোয়ারেন্টাইনে যাওয়ার পর থেকেই দলের ওপেনিং জুটি নিয়ে চিন্তায় ছিল ভারতীয় ব্রিগেড।রোহিত শর্মা থাকলেও তাঁর সঙ্গে ওপেনিংয়ে নামবেন কে। সেই সমস্যা মেটাতে শীঘ্রই দলে দলে আনা হয় ময়াঙ্ক আগরওয়ালকে। কিন্তু যেভাবে ভারতীয় দলে করোনার সংক্রমণ ছড়িয়েছে, তাতে ফের যে কেউ করোনায় আক্রান্ত হবেন না, সে ব্যপারে নিশ্চিত হতে পারছেন না কেউই।
আর এই কারণেই ময়াঙ্ককে নেওয়ার পরও তাঁর ব্যাক আপ ক্রিকেটার হিসাবে ওপেনার ঈশান কিষাণকেও একদিনের দলে নেওয়ার সিদ্ধান্ত বোর্ডেের। আর তাতেই আপাতত একটু স্বস্তি টিম ইন্ডিয়া শিবিরে। অন্যদিকে এদিন ভারতীয় দলের অনুশীলনের প্রথম সেশন বাতিল করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল বাকি ক্রিকেটারদের রিপোর্ট নেগেটিভ এলে তবেই হয়ত অনুশীলনে নামবেন রোহিত শর্মারা।
আর বৃহস্পতিবার তৃতীয় পরীক্ষাক ফল আসার পরই হয়ত একটু স্বস্তি পেয়েছে ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। বাকি আর কোনও ক্রিকেটার এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়নি।এরপরই রোহিত সহ আর চার পাঁচজন ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে নামেন রাহুল দ্রাবিড়। তবে চিন্তা এখনও কাটেনি। পরিস্থিতির ওপর নজর রেখেছেন বোর্ড কর্তারা। আরও যদি বেশ কিছু ক্রিকেটার করোনায় আক্রান্ত হন, তবে পিছিয়ে যেতে পারে প্রথম দিনের ম্যাচ।