পিএসএলের প্রথম ম্যাচের পিচ দেখে অসন্তুষ্ট ইঞ্জামাম উল হত
আপডেট করা - Jan 28, 2022 8:43 pm

পাকিস্তান সুপার লিগে সবে মাত্র গড়িয়েছে বল। একটি ম্যাচ হতে না হতেই বিতর্ক শুরু। আর প্রথম ম্যাচের পর থেকেই বিতর্কের কেন্দ্রে ন্যাশনাল স্টেডিয়ামের পিচ। করাচি কিংস বনাম মুলতাল সুলতানের প্রথম ম্যাচের স্লো পিচ নিয়ে অসন্তুষ্ট প্রাক্তন তারকা পাকিস্তান ক্রিকেটার ইঞ্জামাম উল হক। টি টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ পিচ হয় নি বলেই মনে করছেন তিনি। মাঠ কর্মীদের পিচ তৈরি নিয়ে আরও যত্নশীল হওয়ারই পরামর্শ দিলেন তিনি।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পিএসএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল করাচি কিংস ও মুলতান সুলতান। ম্যাচ ঘিরে প্রথম থেকেই বেশ টান টান উত্তেজনা ছিল। কিন্তু সেই মতো উত্তেজনার ম্যাচ কিন্তু হয়নি। টি টোয়েন্টি মানেই তো চার ছয়ের খেলা। কিন্তু পিএসএলের প্রথম ম্যাচে সেভাবে তার ঝলক মেলেনি। বরং স্লো এবং টার্নার পিচ খেলার প্রকৃতি খানিকটা ধীরই করে দিয়েছিল।
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুলতান সুলতান। সেখানে চার ওভারে ইমরান মাত্র ১৬ রান দিয়ে একাই নেন ৩ উইকেট। খুশদিল শাহ পান ১টি উইকেট। শুরু থেকেই এদিন পিচে ছিল স্পিনারদের দাপট। প্রথমে ব্যাট করতে নেমে বড় রান করতে পারেনি করাচি কিংসও। মাত্র ১২৪ রানে শেষ হয়ে যায় করাচি কিংসের ইনিংস। সার্জিল খানের ৪৩ রান বাদ দিলে করাচির আর কেউ ৩০ রানের গন্ডী পেরোতে পারেনি।
প্রথম ম্যাচ অবশ্য জেতে মুলতান সুলতান। তিন উইকেটে প্রথম ম্যাচে করাচি কিংসকে হারিয়ে দেয় তারা। আর অই ম্যাচ দেখার পরই পিচ নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন পাক ক্রিকেটার ইঞ্জামাম উল হক। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, “টি টোয়েন্টি ক্রিকেটের মতো ম্যাচ কখোনই এমন পিচে খেলানো উচিত্ নয়”।
একইসঙ্গে মাঠের পিচ কর্মীদেরও এদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তন এই পাক তারকা। পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও পিচের দিকে নজর দেওয়া উচিত্ বলে মনে করেন তিনি। অন্যদিকে করাচি কিংস জিততে না পারলেও, শার্জিল খানের পারফরম্যান্স দেখে বেশ খুশি হয়েছেন ইঞ্জামাম উল হক। যদিও পিচ নিয়ে খুশি হতে পারছেন না। প্রাক্তন এই তারকা কথা শুনে পিএসএলের পিচের প্রকৃতি বদলায় কিনা সেটাই এখন দেখার।