আবারও মেজাজ হারালেন বিরাট কোহলি, ফান ডার ডাসেনকে কটাক্ষ ভারত অধিনায়কের
আপডেট করা - Jan 14, 2022 4:50 pm

কেপটাউন টেস্ট ঘিরে উত্তাপের মাত্রা বেড়েই চলেছে। আর তার কেন্দ্রে একজনই, বিরাট কোহলি। আবারও ডি আর এসের সিদ্ধান্ত ভারতের বিপক্ষে। মাঠে ক্রিকেটার সঙ্গে বচসায় জড়ালেন বিরাট কোহলি। মেজাজ হারিয়ে ফান ডার ডাসেনকে ওয়ান্ডারার্সে ঋষভ পন্থের সঙ্গে স্লেজিং নিয়ে কটাক্ষ। শেয দুদিনে ম্যাচের চিত্রই যেন বদলে গিয়েছে। বিরাট কী হতাশা থেকেই এমন করছে, প্রশ্ন আরও জোরালো হচ্ছে।
গতকাল ডিন এলগারের নট আউটের সিদ্ধান্ত নিয়ে মাঠে এর বিরাট নাটক চলেছিল। থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে মাটেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বিরাট কোহলি। স্টাম্প মাইকে গিয়ে থার্ড আম্পায়ার ও সম্প্রচারকারী সংস্থার বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরাতে দেখা গিয়েছিল বিরাটকে। শুধু তিনিই নন, একইরকমভাবে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছিলেন অশ্বিন, লোকেশ রাহুলরাও।
উত্তাপের মাত্রা ক্রমশই চড়তে শুরু করেছিল। ডিন এলগারকে নট আউট ঘোষণার পর স্টাম্প মাইকের সামনে গিয়ে বিরাটকে বলতে শোনা গিয়েছিল চোখ শুধু প্রতিপক্ষের দিকেই কেন। আবার লোকেশ রাহুল বলেছিলেন এগারো জনের বিরুদ্ধে গোটা দেশ খেলছে এখন। এসব নিয়ে কেপটাউন টেস্ট শেষ দুদিনে জমজমাট।
আর চতুর্থ দিনও বদলালো না চিত্রটা। ফের ডি আর এসে ব্যর্থ ভারত। আর তাতেই আবারও মেজাজ হারান বিরাট কোহলি। ক্যাচের সিদ্ধান্ত তাদের বিপক্ষে যাওয়ায় অবাক তো হনই, এরপরই আম্পায়ারের সঙ্গেও কথাবার্তায় জড়ান বিরাট কোহলি। সেখান থেকে ঘুরেই সোজাসুজি বিরাটের নিশানায় প্রোটিয়া ব্যাটসম্যান ফান ডার ডাসেন।
ঋষভের সঙ্গে দ্বিতীয় টেস্টের স্লেজিংয়ের প্রসঙ্গ টেনে ফান ডার ডাসেনকে কটাক্ষ করে বিরাট বলেন, “তুমি এমন একজন ক্রিকেটারের পিছনে গিয়েছিল যে তোমার থেকে পাঁচ বছরের ছোট”। আর তাতেই কেপটাউন টেস্ট ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। একইসঙ্গে বিরাট কোহলি কী হতাশা থেকে এমন কাজ করছেন, এই ঘটনা দেখার পরই নতুন করে বিতর্ক শুরু।
বিরাট কোহলি চাপে পড়ে এলগারের বিরুদ্ধে এমন করেছিলেন, গতকাল ম্যাচ শেষের পরই বলেছিলেন প্রোটিয়া বোলার। কিন্তু চতুর্থ দিনও সেই একই ঘটনার পূরণরাবৃত্তি। এবার বিরাট কোহলির নিশানায় ফান ডার ডাসেন। চতুর্থ দিন মধ্যাহ্নভোজের পর ম্যাচ যে ভারতের নাগালের থেকে অনেকটাই বেড়িয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর তার জেরেই এমন হচ্ছে কিনা তা নিয়েই প্রশ্ন সকলের।