রাহুলের গলায় আফসোসের সুর, প্রথম ইনিংসে ভারতের বড় রান না পাওয়াটাই হারের প্রধান কারণ
আপডেট করা - Jan 6, 2022 10:43 pm

ওয়ান্ডারার্সে কখনও হারেনি ভারত। বৃহস্পতিবার এতদিনের সেই পরিসংখ্যানটাই এবার বদলে গেল। দক্ষিণ আফ্রিকার কাছে জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে হেরে গেল ভারত। আর সেটা যে পুরোপুরিই ব্যাটারদের ব্যর্থতায়, তা ম্যাচ শেষে লোকেশ রাহুলের কথাতেই স্পষ্ট। প্রথম ইনিংসে আরও ৬০ থেকে ৭০ রান বেশী করতে না পারার জন্যই যে প্রোটিয়াদের সঙ্গে ম্যাচে এই পার্থক্যটা হয়ে গিয়েছে, তা স্বীকার করে নিতে দ্বিধা করলেন না ভারতীয় দলের এই ম্যাচের অধিনায়ক।
এতদিন পর্যন্ত জোহানেসবার্গে প্রোটিয়াদের বিরুদ্ধে পরিসংখ্যান ছিল ভারতের পক্ষেই। পাঁচ ম্যাচের মধ্যে দুটিতেই জয় এসেছিল ভারতের। তিনটি ম্যাচ ড্র হয়েছিল। যা ম্যাচ শুরুর আগে নতুন স্বপ্ন দেখিয়েছিল ভারতীয় দলকে। অনেকেই ভাবতে শুরু করেছিলেন যে এই স্টেডিয়ামেই হয়ত দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের খরা কাটাবে ভারতীয় দল। কিন্তু শেষপর্যন্ত স্বপ্ন অধরাই থেকে গেল।
বরং চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার মূল্য হার দিয়ে চোকাতে হল টিম ইন্ডিয়াকে। পরপর দু ইনিংসের একটিতেও তিনশো রানের গন্ডী টপকাতে পারেনি ভারত। পারেনি বড় রানের লিড নিতেও। আর তারই করুণ পরিণতি হয়ত এই হারটা। যে পিচে ভারতীয় ব্যাটসম্যানরা সেভাবে দাঁড়াতেই পারলেন না, সেখানেই ৯৬ রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার।
ম্যাচ শেষে হারের কারণ দর্শাতে অবশ্য কোনও দ্বিধা করেননি লোকেশ রাহুল। তিনি বলেন, ‘আমাদের প্রথম ইনিংসে বড় রান করতে না পারাটাই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছিল। টস জিতে প্রথম ইনিংসে প্রথমে ব্যাটিং করার সুযোগ পাই আমরা। কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে বড় রান তুলতে পারিনি। অন্তত আরও ৬০ থেকে ৭০ রান বেশী করা উচিত ছিল আমাদের। তবে ম্যাচ অন্যরকম হতে পারত। সেইসঙ্গে ব্যাটিং থেকে বোলিং দু জায়গাতেই আমাদের থেকে ভাল পারফরম্যান্স দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা’।
একইসঙ্গে তাঁর মুখে অবশ্য শার্দূল ঠাকুরের প্রশংসা শোনা যায়। প্রথম ইনিংসে তারা যে ম্যাচে ফিরতে পেরেছে তার পুরোটাই শার্দূল ঠাকুরের কৃতিত্ব। কিন্তু দ্বিতীয় ইনিংসেও সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি। আর সেই আফসোসটা কিছুতেই মিটছে না লোকেশ রাহুলের। ডাগ আউটে বসে থাকা রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলির মুখেও ছিল হারের যন্ত্রনার ছাপ।
চতুর্থ দিনটা যে ভারতীয় বোলারদের ছিল না তা এখন মেনে নিচ্ছেন সকলেই। ইচ্ছাটা ছিল বছরের প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়েই কেপটাউনে যাওয়া। কিন্তু সেটা হল না। তৃতীয় টেস্টে ভারত কী করে সেটাই এখন দেখার।