শার্দুলের দুর্ধর্ষ বোলিংয়ে দ্বিতীয় দিনের শেষে ফ্রন্টফুটে ভারত
আপডেট করা - Jan 4, 2022 9:56 pm

শার্দুল ঠাকুরের দুর্ধর্ষ বোলিং। তাঁর সাত উইকেটেই দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফ্রন্টফুটে ভারত। এখন শুধুই ব্যাটারদের থেকে একটা বড় পার্টনারশিপের লক্ষ্যে ভারত। জোহানেসবার্গে জয় পেতে বড় লিডের লক্ষ্যে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার ২২৯ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ২ উইকেটে ৮৫। লিড ৫৮ রানের।
প্রথম ইনিংসে চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা। আর তাতেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। লোকেশ রাহুল ছাড়া প্রথম ইনিংসে ভারতের কোনও ব্যাটসম্যানই অর্ধশতরানের গন্ডী পেড়োতে পারেননি। সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ৩০০ রান করতে পারলেও, এই ম্যাচে ২০২ রানেই গুটিয়ে গিয়েছিল ভারত। পরীক্ষা ছিল ভারতীয় বোলারদের কাঁধে। আর দ্বিতীয় দিনের শেষে তারা যে সেটা যথাযথভাবে করতে পেরেছে সেটা বলার অপেক্ষা রাখে না।
প্রথম দিন দক্ষিণ আফ্রিকার ছিল ৩৫ রানে এক উইকেট। সেখান থেকে দ্বিতীয় দিন শুরুটা বেশ ভালভাবেই করেছিল প্রোটিয়ারা। ম্যাচের শুরুর দিকে ভারতীয় বোলাররা বেশ চাপেই পড়ে গিয়েছিলেন। একসময় তো মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকা বোধহয় বড় রান করে ফেলবে। সামি, বুমরা এবং সিরাজরা উইকেট তুলতে পারছিলেন না। ব্যর্থ হচ্ছিলেন অশ্বিনও। এরপরই শার্দুলকে আনার সিদ্ধান্ত নেন অধিনায়ক লোকেশ রাহুল।
আর তাতেই চুড়ান্ত সাফল্য ভারতের। মধ্যাহ্নভোজের আগেই দক্ষিণ আফ্রিকার দুই তারকা ব্যাটারকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন তিনি। বিরতির পরও জোহানেসবার্গের বাইশগজে ছিল শুধু শার্দুলেরই দাপট। একা দায়িত্ব নিয়ে কিগান পিটারসন, বাভুমা, ফান ডার ডাসানদের প্যাভিলিয়নে ফিরিয়ে দেওয়ার রাস্তাটা তিনিই দেখিয়ে দেন। আর সেইসঙ্গেই পিছিয়ে থাকা ভারতকে চালকের আসনেও বসিয়ে দেন এই শার্দুলই।
সঙ্গে অবশ্যই যোগ্য সঙ্গত দিয়েছেন সামি, বুমরা-রা। কিন্তু ভারতীয় দলের নায়কএদিন শার্দুল ঠাকুরই। ৬১ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন তিনি। মাত্র ২২৯ রানেই শেষ হয়ে যায় এদিন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। শার্দুলের প্রশংসা যেমন তাঁর সতীর্থদের মুখে শোনা যায়, তেমনই প্রতিপক্ষ ক্রিকেটারদের মুখেও শোনা যায় শার্দুলের প্রশংসা। জোহানেসবার্গে জিততে হলে ভারতের দরকার এখন শুধুই বড় একটা লিডের।
যদিও প্রথম ইনিংসে পারলেও, এদিন শুরুতেই ফিরে যান লোকেশ রাহুল। তিনি আউট হন ৮ রানে। ২৩ রানে ফিরে যান ময়াঙ্ক আগরওয়াল। ক্রিজে রয়েছেন চেতেশ্বর পুজারা এবং অজিঙ্ক রাহানে। দ্বিতীয় দিনের শেষে ৩৫ রানে অপরাজিত পুজারা এবং রাহানে দাঁড়িয়ে ১১ রানে। ভারতকে বড় রানে পৌঁছে দেওয়ার সঙ্গে এই দুই ক্রিকেটার সমালোচকদের জবাবটাও দিতে পারে কিনা সেদিকেই তাকিয়ে সকলে।