ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ১৫ জনের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
আপডেট করা - Sep 28, 2023 8:01 pm

২৮শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হতে চলেছে। ৮ই অক্টোবর, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এইবারের বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করবে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। এই ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়ার অস্থায়ী স্কোয়াড এবং চূড়ান্ত স্কোয়াডের মধ্যে খুব বেশি ফারাক নেই। অস্থায়ী স্কোয়াডে অ্যাশটন আগারের নাম ছিল। কিন্তু চোটের কারণে তিনি চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়ে গেছেন। তার বদলি হিসেবে দলে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মার্নাস ল্যাবুশেন। তিনি দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজটিতে তিনি ৫টি ইনিংস খেলে ২৮৩ রান করতে সক্ষম হয়েছিলেন। এই সিরিজে তিনি একটি শতরানও করেছিলেন। তবে এই সিরিজটিতে অস্ট্রেলিয়া ৩-২ ব্যবধানে হেরে গিয়েছিল। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজটিতে এই ২৯ বছর বয়সী ব্যাটার ৩টি ইনিংস খেলে ১৩৮ রান করেছিলেন।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে নেদারল্যান্ডস এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া
৩০শে সেপ্টেম্বর, শনিবার, নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজেদের প্ৰথম প্রস্তুতি ম্যাচ খেলবে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল। এরপর, ৩রা অক্টোবর, মঙ্গলবার, তারা বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের মুখোমুখি হবে।
ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজটিতে ২-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। এই সিরিজটিতে উভয় দলকেই অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা গিয়েছিল। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা প্ৰথম দুটি ম্যাচে খেলেননি। অন্যদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে দ্বিতীয় ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হয়েছিল।
ভারতের বিরুদ্ধে এই সিরিজটিতে খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনিং ব্যাটার ডেভিড ওয়ার্নার। তিনি ৩টি ম্যাচেই অর্ধশতরানের গন্ডি টপকাতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে, শুভমন গিল সিরিজসেরা হয়েছিলেন। তিনি প্ৰথম এবং দ্বিতীয় ম্যাচে যথাক্রমে ৬৩ বলে ৭৪ রান এবং ৯৭ বলে ১০৪ রান করেছিলেন। তৃতীয় ম্যাচটিতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মার্নাস ল্যাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।