ওডিআই বিশ্বকাপ ২০২৩: ভারতের উদ্দেশ্যে রওনা হল পাকিস্তান দল
আপডেট করা - Sep 27, 2023 7:02 pm

২৭শে সেপ্টেম্বর, বুধবার, ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ অংশগ্রহণ করার জন্য ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে পাকিস্তান দল। ১৮ জন খেলোয়াড় এবং ১৩ জন সাপোর্ট স্টাফকে ভারতে পাঠাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কোচ মর্নি মরকেল দুবাইতে দলের সাথে যোগ দেবেন। অন্যদিকে, মিকি আর্থার ভারতে এসে দলের সাথে যোগ দেবেন।
২৭শে সেপ্টেম্বর, রাত ৮:১৫-তে (স্থানীয় সময়) তারা হায়দ্রাবাদে পৌঁছবে। ২৯শে সেপ্টেম্বর, শুক্রবার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্ৰথম প্রস্তুতি ম্যাচটি খেলবে পাকিস্তান। এরপর, ৩রা অক্টোবর, মঙ্গলবার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা তাদের দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে। ৬ই অক্টোবর, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ নিজেদের যাত্রা শুরু করবে বাবর আজমের নেতৃত্বাধীন দল।
ভারতের পাঁচটি কেন্দ্রে নিজেদের বিশ্বকাপের ম্যাচগুলি খেলবে পাকিস্তান। এই কেন্দ্রগুলি হল – আহমেদাবাদ, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই এবং কলকাতা। ১৪ই অক্টোবর, বিশ্বকাপের মঞ্চে ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এশিয়া কাপ ২০২৩-এ সুপার ফোর পর্ব থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান
এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বে বেশ ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিল বাবর আজমের নেতৃত্বাধীন দল। তারা গ্রুপ এ-তে প্ৰথম স্থান অধিকার করেছিল। তবে সুপার ফোর পর্বে এসে তারা তাদের ছন্দ হারিয়ে ফেলেছিল।
সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান। সেই ম্যাচটিতে ইমাম-উল-হক এবং মহম্মদ রিজওয়ান যথাক্রমে ৮৪ বলে ৭৮ রান এবং ৭৯ বলে অপরাজিত ৭৩ রান করেছিলেন। অন্যদিকে, বল হাতে ৪টি উইকেট নিয়েছিলেন হারিস রউফ।
সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছিল পাকিস্তান। ভারত প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ২ উইকেটে ৩৫৬ রান তুলেছিল। পাকিস্তান মাত্র ১২৮ রানে অলআউট হয়ে গিয়েছিল।
এরপর শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে এশিয়া কাপ ২০২৩ থেকে বিদায় নিয়েছিল বাবর আজমের নেতৃত্বাধীন দল। বৃষ্টির কারণে এই ম্যাচটিতে ওভার কমে ৪২ হয়ে গিয়েছিল। পাকিস্তান প্ৰথমে ব্যাটিং করে ৪২ ওভারে ৭ উইকেটে ২৫২ রানে পৌঁছেছিল। দাসুন শানাকার নেতৃত্বাধীন দল রান তাড়া করতে নেমে ২ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছিল। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ পাকিস্তান কেমন পারফরম্যান্সের প্রদর্শন করে সেটাই এখন দেখার বিষয়।