“ভারত বনাম পাকিস্তান ম্যাচের সময় কোনো দলই ফেভারিট নয়, যে ভালো খেলবে সে জিতবে” – সৌরভ গাঙ্গুলী
আপডেট করা - Aug 24, 2023 8:58 pm

২রা সেপ্টেম্বর, পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এবারের এশিয়া কাপের মঞ্চে এটি হল ভারতীয় দলের প্ৰথম ম্যাচ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেছেন যে আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচটিতে কোনো দলই ফেভারিট নয়। তার মতে উভয় দলই খুব ভালো এবং যারা আসন্ন ম্যাচটিতে ভালো খেলবে তারাই জিতবে।
পাকিস্তান ভারতের বিরুদ্ধে শেষ কয়েকটি ম্যাচে খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিল। এই ম্যাচগুলিতে পাকিস্তানের পেসারদের সামনে ভারতের টপ অর্ডারকে সমস্যার মধ্যে পড়তে দেখা গিয়েছিল। আসন্ন এশিয়া কাপে অবশ্যই নিজেদের ভুলগুলি শুধরে নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চাইবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। টি-২০ বিশ্বকাপ ২০২২-এ শেষবার একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। সেই ম্যাচে বিরাট কোহলি বাদে ভারতের বাকি টপ অর্ডার ব্যাটাররা পাকিস্তানের ফাস্ট বোলিং বিভাগের বিরুদ্ধে ধরাশায়ী হয়েছিল। তবে সেই ম্যাচে বিরাটের অনবদ্য ইনিংসের হাত ধরে শেষমেশ জয় পেয়েছিল ভারতীয় দল। অন্যদিকে, ২০১৯ সালের বিশ্বকাপে একে অপরের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচটি খেলেছিল এই দুটি দল। সেই ম্যাচে খুব সহজেই জয় পেয়েছিল ভারত। আসন্ন ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
সৌরভ গাঙ্গুলী আশা করছেন যে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচটি আকর্ষণীয় হবে। তবে তিনি এই ম্যাচের বিজেতাকে বেছে নিতে পারেননি।
কলকাতায় সাংবাদিকদের সৌরভ গাঙ্গুলী বলেন, “ম্যাচ জেতার ক্ষেত্রে কে ফেভারিট তা বলা আমার পক্ষে কঠিন হবে। দুই দলই সত্যিই ভালো। পাকিস্তানের দল ভালো, ভারতও খুব শক্তিশালী। যে ভালো খেলবে সে জিতবে, আমার মনে হয় না এক্ষেত্রে ফেভারিট বলে কেউ আছে। যে ভালো খেলবে সে বিজয়ী হবে।”
অক্ষর প্যাটেলের নির্বাচনকে সমর্থন জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী
সৌরভ গাঙ্গুলী অক্ষর প্যাটেলকে দলে রাখা নিয়ে মুখ খুলেছেন। তার মতে নির্বাচকদের অক্ষরকে দলে রাখার সিদ্ধান্তটি সঠিক ছিল।
সৌরভ গাঙ্গুলী বলেন, “আপনার কাছে কেবল তিনজন স্পিনার থাকতে পারে এবং আমি মনে করি তারা অক্ষরকে বেছে নিয়ে সঠিক কাজ করেছে, সে ব্যাট করতে পারে।”
অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজার বোলিংয়ের মধ্যে অনেক মিল রয়েছে। তাই অনেকেই মনে করছেন যে অক্ষরের জায়গায় একজন ডান-হাতি স্পিনারকে নেওয়া উচিত ছিল।