“আমরা যুবরাজকে যথেষ্ট কৃতিত্ব দিইনি” – ২০১১ সালের বিশ্বকাপ জয় নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন গৌতম গম্ভীর
আপডেট করা - Aug 24, 2023 2:37 pm

সম্প্রতি ভারতের ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জয় নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। তার মতে যুবরাজ সিংকে বিশ্বকাপে তার অবদানের জন্য যথেষ্ট কৃতিত্ব দেওয়া হয়নি। এছাড়াও তিনি বলেছেন যে মিডিয়া বিশ্বকাপের ফাইনালে এমএস ধোনির ছয় মেরে ম্যাচ জেতানোর দিকেই বেশি নজর দিয়েছিল।
২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গৌতম গম্ভীর এবং এমএস ধোনি। গৌতম গম্ভীর বলেছেন সেই বিশ্বকাপ জয়ের পিছনে সচিন তেন্ডুলকার, যুবরাজ সিং, জাহির খান, সুরেশ রায়না এবং মুনাফ প্যাটেলের অনেক বড় অবদান ছিল।
রেভস্পোর্টজে গৌতম গম্ভীর বলেন, “আমরা যুবরাজকে ২০১১ বিশ্বকাপের জন্য যথেষ্ট কৃতিত্ব দিইনি, এমনকি জাহির খান, সুরেশ রায়না এবং মুনাফ প্যাটেলকেও। সচিন তেন্ডুলকার সর্বোচ্চ রান স্কোরার ছিলেন, কিন্তু আমরা কি সেই বিষয়ে কথা বলি? মিডিয়া সেই এমএস ধোনির ছয়টি নিয়ে কথা বলে থাকে। আপনি ব্যক্তির প্রতি আচ্ছন্ন, আপনি দলকে ভুলে গেছেন।”
ওডিআই বিশ্বকাপ ২০১১-তে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন যুবরাজ সিং। তিনি ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তিনি ৩৬২ রান করার পাশাপাশি ১৫টি উইকেটও নিয়েছিলেন। অন্যদিকে, সচিন তেন্ডুলকার এই টুর্নামেন্টে ৪৮২ রান করেছিলেন এবং জাহির খান ২১টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন।
ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই
৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হতে চলেছে। এটি ভারতে অনুষ্ঠিত হবে। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড এবং নিউ জিল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। ৮ই অক্টোবর, ভারতীয় দল বিশ্বকাপে তাদের প্ৰথম ম্যাচ খেলবে। এই ম্যাচে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এখনও পর্যন্ত আর কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। ২০১৫ এবং ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপ সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে পেরেছিল ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপ ২০১৫-তে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল এমএস ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলকে। সেইবার অস্ট্রেলিয়া ট্রফি জিতেছিল। এরপর ওডিআই বিশ্বকাপ ২০১৯-এ কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউ জিল্যান্ডের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল ভারতকে। সেইবার শিরোপা জিতেছিল ইংল্যান্ড। আসন্ন বিশ্বকাপে কোন দল ট্রফি জেতে সেটাই এখন দেখার বিষয়।