ডব্লুটিসির ফাইনালের পর ভারতীয় দলে আর ডাক পাননি চেতেশ্বর পূজারা, শেষমেশ নিজের হতাশা নিয়ে মুখ খুললেন তিনি
আপডেট করা - Aug 22, 2023 4:56 pm

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এই ম্যাচে অভিজ্ঞ ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি। তিনি প্ৰথম এবং দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ২৫ বলে ১৪ রান এবং ৪৭ বলে ২৭ রান করেছিলেন। অর্থাৎ, দুটি ইনিংস মিলিয়ে মাত্র ৪১ রান করতে সক্ষম হয়েছিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। সেই সিরিজে রোহিত শর্মার সাথে ওপেনিং করেছিলেন যশস্বী জয়সওয়াল। অন্যদিকে, পূজারার পজিশনে খেলেছিলেন শুভমন গিল।
সম্প্রতি ডব্লুটিসির ফাইনালের পর দল থেকে বাদ যাওয়া নিয়ে মুখ খুলেছেন চেতেশ্বর পূজারা। তিনি বলেছেন যে তিনি মাঝেসাঝে হতাশ হয়ে পড়েন এবং তার মনে সন্দেহ তৈরি হয়।
ফাইনাল ওয়ার্ড পডকাস্টে চেতেশ্বর পূজারা বলেন, “গত কয়েক বছরে অনেক উত্থান-পতন দেখেছি। ৯০টার বেশি টেস্ট খেলার পরেও যখন নিজেকে প্রমাণ করতে হয়, তখন সেটা কঠিন পরীক্ষা তো বটেই। এখনও প্রমাণ করতে হয় আমি টেস্ট দলে খেলার যোগ্য। এটা অন্য রকম পরীক্ষা আমার কাছে।”
তিনি আরও বলেন, “কখনও সখনও সত্যিই হতাশ হয়ে পড়ি। ৯০টা টেস্ট খেলে পাঁচ-ছ’হাজার, যা-ই রান করি না কেন, তার পর নিজেকে প্রমাণ করা সত্যিই সহজ নয়। আত্মসম্মানে ধাক্কা লাগে। নিজের মনের মধ্যেই সন্দেহ তৈরি হয়, আমি আদৌ আর খেলার যোগ্য তো? বার বার নিজেকে প্রমাণ করতে হলে এমন আশঙ্কা অমূলক নয়।”
“আমি কোনও টেস্টে ৭০-৮০ রান করলে অন্তত ৮০ শতাংশ ক্ষেত্রে হয় ভারত সেই ম্যাচ জিতেছে অথবা ড্র করেছে” – চেতেশ্বর পূজারা
চেতেশ্বর পূজারা ভারতীয় দলের জন্য তার অবদানের ব্যাপারে কথা বলেছেন। তার মতে তিনি এখনও ভারতীয় দলকে অনেক কিছু দিতে পারবেন। শেষমেশ তিনি আবার ভারতীয় দলে সুযোগ পান কিনা সেটাই এখন দেখার বিষয়।
চেতেশ্বর পূজারা বলেন, “ভারতীয় ক্রিকেটে কতটা অবদান রাখতে পেরেছি সেটা আমি জানি। কিছু দিন আগেই একটা পরিসংখ্যান পেলাম। আমি কোনও টেস্টে ৭০-৮০ রান করলে অন্তত ৮০ শতাংশ ক্ষেত্রে হয় ভারত সেই ম্যাচ জিতেছে অথবা ড্র করেছে। তাই এখনও অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে।”