ওডিআই বিশ্বকাপের আগে কেএল রাহুলের ফিটনেসের ব্যাপারে নিজেদের বক্তব্য জানালেন এমএসকে প্রসাদ এবং রবি শাস্ত্রী
আপডেট করা - Aug 16, 2023 6:10 pm

এশিয়া কাপ ২০২৩-এর জন্য এখনও পর্যন্ত দল ঘোষণা করেনি ভারত। এই টুর্নামেন্টটি ৩০শে আগস্ট থেকে শুরু হবে এবং ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ৫ই অক্টোবর থেকে শুরু হবে ওডিআই বিশ্বকাপ। অর্থাৎ, ভারতীয় দলের সামনে দুটি বড় টুর্নামেন্ট রয়েছে। বর্তমানে বেশ কয়েকজন খেলোয়াড় পুরোপুরি ফিট না থাকার কারণে সমস্যার মধ্যে পড়ে গিয়েছে ভারতীয় দল। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) কবে আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে সেটাই এখন দেখার বিষয়। এশিয়া কাপের দলের সঙ্গে ওডিআই বিশ্বকাপের দলের খুব বেশি ফারাক থাকবে না বলে আশা করা যায়।
ভারতীয় দলের নির্বাচকরা কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ারকে আসন্ন দুটি টুর্নামেন্টে খেলার সুযোগ দিতে চাইছেন। কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ার এখনও পর্যন্ত পুরোপুরি ফিট হননি। তারা দুজনেই এই মুহূর্তে রিকভারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন।
ভারতীয় দলের প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ এবং ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও প্রধান কোচ রবি শাস্ত্রী কেএল রাহুলকে দলে সুযোগ দেওয়ার ব্যাপারে মুখ খুলেছেন। স্টার স্পোর্টসের সিলেকশন ডে শোতে বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড নিয়ে প্রসাদের সাথে আলোচনার সময় শাস্ত্রী বলেছিলেন যে এশিয়া কাপে অংশগ্রহণ করার আগে রাহুলকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ সিরিজে খেলতে হবে।
ইন্ডিয়া টুডে রবি শাস্ত্রীর বক্তব্যকে উদ্ধৃত করেছে, “তাদের ম্যাচ খেলতে হবে, এশিয়া কাপের আগে তাদের কিছু ম্যাচ দিন।”
অন্যদিকে, এমএসকে প্রসাদের মতে কেএল রাহুল ফিট হয়ে গেছেন এবং তিনি খেলতে পারবেন। তিনি এই ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) এক সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করেছিলেন।
এমএসকে প্রসাদ বলেন, “আমি কেএল রাহুলকে এনসিএতে খেলতে দেখেছিলাম কারণ আমি গত এক সপ্তাহ ধরে সেখানে ছিলাম। তাই আমি মনে করি তাকে ফিট দেখাচ্ছে এবং তিনি হয়তো খেলবেন।”
“আপনাকে সতর্ক থাকতে হবে” – রবি শাস্ত্রী
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাটিল রবি শাস্ত্রীর মতামতকে গুরুত্ব দিয়ে বলেন, “নেটে খেলা এবং ম্যাচে খেলা আলাদা, সম্পূর্ণ আলাদা।”
ভারতীয় দলের প্রাক্তন কোচ বলেন, “খেলোয়াড়রা চোট পান। আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি বুমরাহকে নিয়ে তাড়াহুড়ো করার চেষ্টা করেছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার, এটাই আমি বলতে চাইছি এবং তিনি এখন ১৪ মাস ধরে বাইরে বসে আছেন।”