ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য ভারতীয় দলে তিলক ভার্মার সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা
আপডেট করা - Aug 12, 2023 8:18 pm

তিলক ভার্মা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে শুরুটা অসাধারণভাবে করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে তিনি এখনও পর্যন্ত খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছেন। ২০ বছর বয়সী এই ব্যাটার তিন ম্যাচে ৬৯.৫০ গড় এবং ১৩৯ স্ট্রাইক রেটে ১৩৯ রান করেছেন। তার খেলা দেখে মুগ্ধ হয়ে অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন নির্বাচকদের উদ্দেশ্যে তাকে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর জন্য বিবেচনা করার কথা বলেছেন।
সম্প্রতি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা তরুণদের পারফরম্যান্স নিয়ে তার চিন্তাভাবনা প্রকাশ করেছেন। তিলক ভার্মার ব্যাটিং দেখে তিনিও মুগ্ধ হয়েছেন। উল্লেখযোগ্যভাবে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) হয়ে অভিষেক করেছিলেন তিলক ভার্মা। সেই মরসুমে তিনি ৩৯৭ রান করেছিলেন যা ছিল তার দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
হিন্দুস্তান টাইমস রোহিত শর্মার বক্তব্যকে উদ্ধৃত করেছে, “তাকে খুব প্রতিশ্রুতিশীল দেখাচ্ছে। আমি তাকে দুই বছর ধরে দেখেছি, তার মধ্যে রান করার খিদে রয়েছে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে আমি যথেষ্ট পরিপক্কতা দেখতে পাচ্ছি। সে তার ব্যাটিংয়ের ব্যাপারে খুব ভালোভাবে জানে। আমি যখন তার সাথে কথা বলি তখন আমি বুঝতে পারি যে ছেলেটি তার ব্যাটিং শৈলীকে বোঝে – তাকে কোথায় শট খেলতে হবে, কোন সময় তাকে কি করতে হবে।”
তিলক ভার্মার বিশ্বকাপে খেলার সম্ভাবনা সম্পর্কে রোহিত শর্মা বলেছেন যে তিনি এখনও এটির ব্যাপারে খুব বেশি নিশ্চিত নন। তবে তিনি তিলকের প্রতিভার প্রশংসা করেছেন।
তিনি আরও বলেন, “আমি তার সম্পর্কে এটাই বলব, আমি বিশ্বকাপ এবং বাকি সবকিছু সম্পর্কে জানি না, তবে অবশ্যই ছেলেটি প্রতিভাবান এবং সে ভারতের হয়ে যে কটি ম্যাচ খেলেছে তাতে সে তা দেখিয়েছে।”
চতুর্থ টি-২০ ম্যাচটি জিতে নিয়ে সিরিজ ২-২ করতে চাইবে ভারত
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দুটি ম্যাচে হারের মুখোমুখি হয়েছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত। এরপর তৃতীয় ম্যাচে দারুণভাবে কামব্যাক করেছিল ভারতীয় দল।
চতুর্থ টি-২০ ম্যাচটি উভয় দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজ যদি এই ম্যাচটিতে ভারতকে পরাজিত করতে পারে তাহলে তারা সিরিজ জিতে যাবে। অন্যদিকে, ভারত যদি এই ম্যাচটিতে রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন দলকে হারাতে পারে তাহলে তারা সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে পারবে। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।