ভারতীয় দলে বহুল প্রত্যাশিত প্রত্যাবর্তনের আগে মুম্বাইয়ের ব্যাটারদের বোলিং করলেন জাসপ্রিত বুমরাহ এবং প্রসিদ্ধ কৃষ্ণ
আপডেট করা - Jul 31, 2023 5:02 pm

জাসপ্রিত বুমরাহ এবং প্রসিদ্ধ কৃষ্ণ অনেকটাই সেরে উঠেছেন। ভারতীয় সমর্থকদের জন্য এটি অবশ্যই একটি খুশির খবর। ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। তার আগে যদি সকল চোটপ্রাপ্ত খেলোয়াড়রা ফিট হয়ে যান তাহলে ভারতীয় দল অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে।
জাসপ্রিত বুমরাহ এবং প্রসিদ্ধ কৃষ্ণ এখনও বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রয়েছেন। সেখানেই তাদের প্রশিক্ষণ চলছে। বেঙ্গালুরুর আলুর গ্রাউন্ডে অনুশীলন ম্যাচে মুম্বাইয়ের ব্যাটারদের বোলিং করেছেন তারা। বুমরাহ এবং প্রসিদ্ধ উভয়েরই পিঠে চোট ছিল এবং এর থেকে রেহাই পাওয়ার জন্য তারা অস্ত্রোপচার করিয়েছিলেন। বুমরাহ ২০২২ সালের সেপ্টেম্বর মাসের পর থেকে একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তিনি পুরোপুরিভাবে ফিট হয়ে গেলে ভারতীয় দলের পেস আক্রমণের আত্মবিশ্বাস বাড়বে।
চোটের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে পারেননি জাসপ্রিত বুমরাহ। এশিয়া কাপ ২০২২, টি-২০ বিশ্বকাপ ২০২২ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে ভারতীয় দলকে তাকে ছাড়াই খেলতে হয়েছিল। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এও খেলতে পারেননি। অন্যদিকে, প্রসিদ্ধ কৃষ্ণ ২০২২ সালের আগস্ট মাসে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তিনিও আইপিএলের ১৬ তম সংস্করণে খেলতে পারেননি।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, জাসপ্রিত বুমরাহ ১০ ওভার বোলিং করেছিলেন যা দুটি স্পেলে বিভক্ত ছিল। অন্যদিকে, প্রসিদ্ধ কৃষ্ণও একই ব্যাটারদের বোলিং করেছিলেন।
জাসপ্রিত বুমরাহের কামব্যাকের ব্যাপারে একটি অনেক বড় আপডেট দিয়েছেন জয় শাহ
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ বলেছেন যে জাসপ্রিত বুমরাহ খুব শীঘ্রই ভারতীয় দলে ফিরে আসবেন। আগস্ট মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে ভারত। এই সিরিজেই কামব্যাক করতে পারেন অভিজ্ঞ ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ।
৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হবে। জাসপ্রিত বুমরাহ ভারতীয় দলের জন্য একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওডিআই বিশ্বকাপে যদি বুমরাহ খেলতে পারেন তাহলে ভারতীয় দলের ট্রফি জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। এরপর এখনও অবধি একটিও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারতীয় দল। আসন্ন ওডিআই বিশ্বকাপে ভারত অবশ্যই ট্রফির খরার অবসান ঘটাতে চাইবে। শেষমেশ ভারত এই বিশ্বকাপটি জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।