পরপর দুই ম্যাচ হারার পর একসাথে চারটি পরিবর্তন করে বসল ইংল্যান্ড

দলে ফিরলেন জ্যাক ক্রলি, জনি বেয়ারস্টো, জ্যাক লিচ ও মার্ক উড

Joe Root
Joe Root. (Photo by Daniel Pockett/Getty Images)

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৬শে ডিসেম্বর রবিবার থেকে শুরু হওয়া তৃতীয় অ্যাশেজ টেস্টের জন্য জো রুটের ইংল্যান্ড চারটি পরিবর্তন করেছে। পাঁচ ম্যাচের সিরিজে ০-২ পিছিয়ে থেকে থ্রি লায়ন্স মেলবোর্নে নামছে প্রত্যাবর্তনের লক্ষ্যে। অ্যাডিলেডে ডে নাইট টেস্টে ২৭৫ রানে হারের ধাক্কা ব্রিটিশদের প্রায় খাদের কিনারে ঠেলে দিয়েছে। তৃতীয় টেস্টে যদি তারা ফিরে আসতে না পারে তাহলে আবারও অ্যাশেজের ট্রফি দক্ষিণ গোলার্ধের দেশেই রেখে আসতে হবে তাদের। 

যে চারটি পরিবর্তন করেছে ইংল্যান্ড

দুই ম্যাচে ১২.৭৫ গড়ে মাত্র ৫১ রান করা ওপেনার রোরি বার্ন্স জায়গা ছেড়ে দিয়েছেন জ্যাক ক্রলিকে। সফরটি হাসিব হামিদের পক্ষেও ভালো কাটেনি, তবে প্রথম একাদশে তিনি নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন। অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার জনি বেয়ারস্টো ব্রিসবেন ও অ্যাডিলেডে প্রথম দুই টেস্টে ইংল্যান্ডের একাদশে ছিলেন না। তাঁকে দলে ফেরানো হয়েছে অলি পোপের জায়গায়। 

ক্রিস ওকস প্রথম দুটি খেলায় ব্যাট হাতে তাও কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন, কিন্তু বল হাতে তিনি ব্যর্থ। ২৬.২৫ গড়ে ১০৫ রান করেছিলেন, কিন্তু মাত্র তিনটি উইকেট তুলতে পেরেছিলেন। বোলিংয়ের সময় তাঁকে একবারও ঘাতক মনে হয়নি। ওকস ছাড়া বাদ গেছেন স্টুয়ার্ট ব্রডও। জেমস অ্যান্ডারসনের পরে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ব্রড অ্যাডিলেড টেস্টে সুযোগ পেলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।  

জ্যাক লিচ এবং মার্ক উড এসেছেন ওকস এবং ব্রডের জায়গায়। ডে নাইট টেস্টের জন্য ইংল্যান্ড কেবল তাদের পেস আক্রমণের উপরেই ভরসা রেখেছিল, কিন্তু কৌশলটি একেবারেই কার্যকর হয়নি। ইংল্যান্ডের পেস আক্রমণকে ভোঁতা করে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪৭৩ রান করেছিল। নাথান লায়ন ওই পিচে পাঁচ উইকেট তুলে প্রমাণ করে দিয়েছিলন যে ওই কন্ডিশনে স্পিনারদের জন্যও সাহায্য ছিল।

ইংল্যান্ডের প্রথম একাদশ

হাসিব হামিদ, জ্যাক ক্রলি, ডাউইড মালান, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটকিপার), মার্ক উড, অলি রবিনসন, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন।

ইংল্যান্ডের আশার আলো বলতে ডাউইড মালান ও জো রুট। দুজনেই দুটি করে হাফ সেঞ্চুরি করেছেন, যদিও তাদের প্রচেষ্টা ইংল্যান্ডকে জয় এনে দিতে পারেনি। তবে জাতীয় দলকে যোগ্যতার সাথে নেতৃত্ব দিতে না পারায় সম্প্রতি সমালোচিত হয়েছেন রুট। 

অ্যাডিলেডে হারের পর, রুট পরিস্থিতি অনুযায়ী বোলিং না করার জন্য বোলারদের কঠোরভাবে সমালোচনা করেছিলেন। পরে তাঁর মন্তব্যকে খণ্ডন কওরে অ্যান্ডারসন বলেছিলেন যে ব্যাটাররাই মূলত ব্যর্থ হয়েছিল। 

close whatsapp