রিপোর্ট: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সময়সূচি ২৭শে জুন প্রকাশিত হবে

ICC-Logo-for-ICC-ODI-World-Cup-2023
ICC Logo for ICC ODI World Cup 2023. (Photo Source: Twitter)

২৭শে জুন অর্থাৎ ওডিআই বিশ্বকাপ ২০২৩ শুরু হওয়ার ঠিক ১০০ দিন আগে এর সময়সূচিটি প্রকাশ করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মুম্বাইয়ে একটি ইভেন্টের মাধ্যমে ওডিআই বিশ্বকাপের সময়সূচিটি প্রকাশ করা হবে বলে জানা গেছে। এই ইভেন্টটি সকাল ১১.৩০টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

যে দলগুলি আসন্ন ওডিআই বিশ্বকাপে অংশগ্রহণ করবে তাদের কাছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জুন মাসের শুরুতে একটি খসড়া সময়সূচী পাঠিয়েছিল। এই খসড়া সময়সূচি অনুযায়ী অক্টোবর মাসের ৫ তারিখ থেকে ওডিআই বিশ্বকাপটি শুরু হওয়ার কথা রয়েছে। এই খসড়া সময়সূচিটি যদি চূড়ান্ত করা হয় তাহলে প্ৰথম ম্যাচেই আমরা ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপের বিজেতা ইংল্যান্ডের বিরুদ্ধে রানার্স-আপ নিউ জিল্যান্ডকে খেলতে দেখতে পাব।

ভারতের প্ৰথম ম্যাচটিই খুব কঠিন হতে চলেছে। ৮ই অক্টোবর তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে। সম্প্রতি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে পরাজিত হয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এই ম্যাচটি এমএ চিদাম্বরম স্টেডিয়াম অর্থাৎ চেপকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারত লিগ পর্যায়ে মোট ৯টি ম্যাচ খেলবে এবং প্রত্যেকটি ম্যাচই ভিন্ন ভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বের সবথেকে বড় ক্রিকেট গ্রাউন্ডে দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে একটি সংঘর্ষ দেখার জন্য অনেকেই অপেক্ষা করছেন।

খসড়া সময়সূচিকে এখনও পর্যন্ত অনুমোদন দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম শেঠি ইতিমধ্যেই ওডিআই বিশ্বকাপের খসড়া সময়সূচিটি হাতে পেয়ে গেছেন, কিন্তু এখনও পর্যন্ত এটিতে তিনি তাদের অনুমোদন দেননি। নাজাম শেঠির বক্তব্য অনুসারে, পাকিস্তানকে ভারতে ওডিআই বিশ্বকাপ খেলতে পাঠানোর বিষয়ে তাদের সরকার সিদ্ধান্ত নেবে। এছাড়াও শেঠি বলেছেন যে আইসিসিকেও এই ব্যাপারটি জানানো হয়েছে।

এএনআই নাজাম শেঠির বক্তব্যকে উদ্ধৃত করেছে, “আমরা আইসিসিকে চিঠি দিয়েছি যে আমরা ভারত ভ্রমণের অনুমোদন বা অসম্মতি দিতে পারি না। এই সিদ্ধান্তটি আমাদের সরকার নেবে, যেমনটি ভারতের সরকার নিয়েছে। আমরা আহমেদাবাদে খেলব কিনা সেটা পরে দেখা যাবে।”

তিনি আরও বলেন, “এখনই এই বিষয়ে আলোচনা করার সময় হয়নি। তখন কোন সরকার ক্ষমতায় থাকবে সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই এখনও কোনো আলোচনা হয়নি। তবে একটি স্থায়ী সরকার হলে বিষয়টি ভিন্ন হবে। যখন সঠিক সময় আসবে, তখন আমরা তাদের জিজ্ঞাসা করব।”

close whatsapp