ইংল্যান্ডের প্ৰথম দিনেই ইনিংস ডিক্লেয়ার দেওয়া নিয়ে মুখ খুললেন জনি বেয়ারস্টো
আপডেট করা - Jun 17, 2023 6:55 pm

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্ৰথম দিনেই একটি আশ্চর্যজনক ঘটনা ঘটতে দেখা গেছে। টসে জিতে ইংল্যান্ড প্ৰথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা ব্যাজবল শৈলীকে কাজে লাগিয়েই ব্যাটিং করছিল। প্ৰথম দিন হিসেবে শুরুটা বেশ ভালোই করেছিল ইংল্যান্ড। তারা ৭৮ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে ৩৯৩ রানে পৌঁছে গিয়েছিল। কিন্তু এরপরই হঠাৎ করে ইনিংস ডিক্লেয়ার দিয়ে দেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
ইংল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার জনি বেয়ারস্টো এই ঘটনাটির ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি বলেছেন যে বেন স্টোকসের এই সিদ্ধান্তে বাকিরা অবাক হলেও তারা অবাক হননি।
দ্য টাইমস অফ ইন্ডিয়া জনি বেয়ারস্টোর বক্তব্যকে উদ্ধৃত করেছে, “আমি নিশ্চিত যে বেন এমন অনেক সিদ্ধান্ত নিয়েছেন যা ধারাভাষ্যকার এবং অন্যান্য লোকেদের অবাক করে দিয়েছে, তবে এটি আমাদের কাছে অবাক হওয়ার কিছু ছিল না।”
টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং বিভাগের বিরুদ্ধে ১০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করা একবারেই সহজ কাজ না। তবে সেই কাজই করে দেখিয়েছেন জনি বেয়ারস্টো। তিনি ব্যাট হাতে প্ৰথম ইনিংসে ৭৮ বলে ৭৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ১২টি চার মারেন।
জনি বেয়ারস্টো বলেন, “গুরুত্বপূর্ণ সিরিজের সময় বড় মঞ্চে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। আপনি সবসময়ই এটির অংশ হতে চাইবেন এবং এটিতে আপনি হতাশ হতে চাইবেন না।”
“তার মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে এবং তিনি সবসময় বিশেষ কিছু করেন” – জনি বেয়ারস্টো
জো রুটের সাথে ১২১ রানের একটি অসাধারণ পার্টনারশিপ করেন জনি বেয়ারস্টো। এই পার্টনারশিপটি নিয়ে মুখ খুলেছেন বেয়ারস্টো। তিনি জো রুটের প্রশংসাও করেছেন। ইংল্যান্ডের এই ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার ছিলেন রুট। তিনি ১৫২ বলে অপরাজিত ১১৮ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৭টি চার এবং ৪টি ছয় মারেন। এটি ছিল তার ৩০ তম টেস্ট সেঞ্চুরি।
জনি বেয়ারস্টো বলেন, “এটি অসাধারণ ছিল। তার মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে এবং তিনি সবসময় বিশেষ কিছু করেন। একজন ব্যক্তি হিসাবে যিনি তাকে আমি অনেক দিন ধরে চিনি। তিনি ভালো এবং খারাপ, উত্থান এবং পতন এবং একসাথে অনেকগুলি জিনিসের মধ্য দিয়ে গিয়েছেন, তার সাথে সেখানে থাকতে পারাটা পরম আনন্দের ছিল।”