ডব্লুটিসি ফাইনাল: যে কারণগুলির জন্য ভারতীয় দল পরাজিত হয়েছে
আপডেট করা - Jun 14, 2023 2:10 pm

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচের পাঁচটি দিনই প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের চেয়ে এগিয়ে ছিল। পঞ্চম দিনের প্রথম সেশনেই ২৩৪ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস। অস্ট্রেলিয়া ২০৯ রানে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে নিয়েছিল।
দুটি ইনিংসেই দলগতভাবে খুব একটা ভালো ব্যাটিংয়ের প্রদর্শন করতে পারেনি ভারতীয় দল। প্ৰথম এবং দ্বিতীয় উভয় ইনিংসেই ভারত ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল। ভারতের হয়ে প্ৰথম ইনিংসে অজিঙ্কা রাহানে এবং শার্দুল ঠাকুর অর্ধশতরান করেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে কেউই ৫০ রানে পৌঁছতে পারেননি।
নীচে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের হারের তিনটি কারণ আলোচনা করা হল:
৩. রবিচন্দ্রন অশ্বিনের অনুপস্থিতি

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে বোলারদের র্যাঙ্কিংয়ে রবিচন্দ্রন অশ্বিন এক নম্বরে রয়েছেন। ভারতের ডব্লুটিসির ফাইনাল খেলার পিছনে অশ্বিনের অনেক বড় হাত ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে ডব্লুটিসির ফাইনালে তাকে প্ৰথম একাদশে সুযোগ দেওয়া হয়নি। টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের একজন অন্যতম গুরুত্বপূর্ণ বোলার হলেন রবিচন্দ্রন অশ্বিন। তার কাছে অভিজ্ঞতারও কোনো কমতি নেই। কিন্তু তা সত্ত্বেও তাকে বাদ দিয়ে ফাইনালে খেলতে নামা ঠিক মনে করেছিল ভারত।
অশ্বিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দলের হয়ে অবদান রাখতে পারেন। এছাড়াও অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপে পাঁচজন বাঁ-হাতি ব্যাটার ছিলেন। তাদের বিরুদ্ধে অশ্বিন ভয়ঙ্কর হয়ে উঠতে পারতেন। তাই তাকে না খেলিয়ে ভারতীয় দল একটি অনেক বড় ভুল করেছিল।