শুভমন গিলের আউট নিয়ে বিতর্ক থামছে না, নিজেদের টুইটার হ্যান্ডেলে আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করলেন বীরেন্দ্র সেহওয়াগ এবং কামরান আকমল

Cameron Green's catch of Shubman Gill
Cameron Green’s catch of Shubman Gill. (Photo Source: Disney+Hotstar)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনাল ম্যাচটি জিতে নিয়েছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ব্যাটিং এবং বোলিং বিভাগ যে খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছে সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। ভারতের বিরুদ্ধে তারা ২০৯ রানে জয় পেয়েছে।

দ্বিতীয় ইনিংসে ভারত যখন অস্ট্রেলিয়ার দেওয়া পাহাড় সমান রানের লক্ষ্য তাড়া করতে নেমেছিল তখন আম্পায়ারের দেওয়া একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে আউট হতে হয়েছিল শুভমন গিলকে। সেই ইনিংসের অষ্টম ওভারে এই ঘটনাটি ঘটেছিল। সেই ওভারে বোলিং করছিলেন স্কট বোল্যান্ড। ওভারের প্ৰথম বলেই শুভমন গিলের ব্যাটের কানায় বল লেগে স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ক্যামেরন গ্রিনের কাছে চলে যায়। গ্রিনের নেওয়া ক্যাচটি ঠিকঠাক ছিল কিনা সেটা মাঠে উপস্থিত আম্পায়াররা বুঝতে পারেননি, তাই তারা তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটেলবরোর কাছে সাহায্য চান। তিনি শুভমন গিলকে আউট দিয়ে দেন।

পরে রিপ্লেতে দেখা যায় যে বলটি মাটিতে লেগে গিয়েছিল। কিন্তু তৃতীয় আম্পায়ার সেটিকে ভালোভাবে জুম করে না দেখেই গিলকে আউট দিয়ে দেন। রিচার্ড কেটেলবরোর এই সিদ্ধান্ত দেখে অনেকেই বিরক্ত হয়েছেন। রোহিত শর্মা তার এই সিদ্ধান্ত দেখে খুবই হতাশ হয়ে পড়েছিলেন।

নিজের টুইটার হ্যান্ডেলে আম্পায়ারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শুভমন গিল। তিনি সেই মুহূর্তের একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বলটি মাটিতে লেগে আছে। এত বড় একটি ম্যাচে আম্পায়ারের দেওয়া ভুল সিদ্ধান্তের কারণে আউট হওয়া সত্যিই দুর্ভাগ্যজনক।

“যখন কোনও সন্দেহ থেকে যায়, তখন নট আউট দেওয়া উচিত” – বীরেন্দ্র সেহওয়াগ

তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্ত দেখে বিরক্ত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। তিনি নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন যেখানে একটি লোককে চোখে কালো কাপড় পরে থাকা অবস্থায় দেখা যাচ্ছে।

বীরেন্দ্র সেহওয়াগ এই ছবিটির ক্যাপশনে লিখেছেন, “শুভমন গিলকে আউট দেওয়ার সময় তৃতীয় আম্পায়ারের অবস্থা। কোনও প্রমাণ ছিল না। যখন কোনও সন্দেহ থেকে যায়, তখন নট আউট দেওয়া উচিত।”

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমলও আম্পায়ারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। তিনিও নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই ব্যাপারে একটি পোস্ট করেছেন।

কামরান আকমল বলেন, “তৃতীয় আম্পায়ার অত্যন্ত খারাপ একটি সিদ্ধান্ত দিয়েছেন.. শুভমন গিলের এই ক্যাচটি স্পষ্ট ছিল না।”

 

close whatsapp