ভারত ভুল দিক বেছে নিয়েছে, ডব্লুটিসি ফাইনালে স্পিন বড় ভূমিকা পালন করবে: স্টিভ ওয়াহ
আপডেট করা - Jun 9, 2023 6:49 pm

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে ভারতীয় দল দুজন স্পিনারকে না খেলিয়ে ভুল করেছে বলে মনে করছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ ওয়াহ। রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে সুযোগ না দেওয়ার জন্য অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতকে।
স্টিভ ওয়াহ বলেছেন যে অস্ট্রেলিয়া এই একই ভুল চার বছর আগে অ্যাশেজ সিরিজে করেছিল। এছাড়াও তিনি বলেছেন যে রোদ উঠলে ওভালের পরিস্থিতি পাল্টে যায়।
দ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান স্টিভ ওয়াহকে উদ্ধৃত করেছে, “চার বছর আগে অ্যাশেজে আমরা একই ভুল করেছিলাম। ওভাল সবসময়ই কঠিন। এটির (পিচের) উপরে সবুজ দেখায় তবে নীচে, এটি ঝুরঝুরে এবং কিছুটা শুকনো। আপনি মেঘাচ্ছন্ন আকাশ এবং সবুজ পিচ দেখে ভুল সিদ্ধান্ত নিতে পারেন এবং এটিই ম্যাচের সবকিছু বলে মনে করতে পারেন। সূর্য বের হওয়ার সাথে সাথে এটি সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং দ্রুত শুকিয়ে যায়।”
তিনি আরও বলেন, “আমি মনে করি (ভারত) ভুল দিক বেছে নিয়েছে। এই টেস্ট ম্যাচে স্পিন একটি বড় ভূমিকা পালন করবে এবং এটি শেষের দিকে খুব ভালোভাবে বোঝা যাবে। আমি অশ্বিনকে তার ব্যাটিংয়ের জন্য বেছে নিতাম, তার বোলিং বাদ দাও। সে কারণেই আমি বিশ্বাস করতে পারছি না যে সে খেলছে না কারণ সে পাঁচটি টেস্ট সেঞ্চুরিও করেছে। এটা খুবই অদ্ভুত।”
“ভারত একটি সিদ্ধান্ত নিয়েছে এবং উইকেট যেমনই হোক না কেন, তাদের অশ্বিনকে খেলানো উচিত ছিল” – ব্র্যাড হগ
প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হগও মনে করছেন যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো উচিত ছিল। তিনি বলেছেন যে পেসাররা হাঁপিয়ে গেলে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা মিলে তাদের চাপ অনেকটা কমিয়ে দিতে পারতেন।
ব্র্যাড হগ বলেন, “ভারত একটি সিদ্ধান্ত নিয়েছে এবং উইকেট যেমনই হোক না কেন, তাদের অশ্বিনকে খেলানো উচিত ছিল। তারা সবেমাত্র একটি আইপিএল মরসুম খেলে এসছে এবং সেখানে চারজন ফাস্ট বোলারকে নিয়েছে যারা অনেকদিন দীর্ঘ স্পেলে বোলিং করেননি। তাই অশ্বিন এবং জাদেজা এক প্রান্ত ধরে রাখতে পারতেন এবং অন্য প্রান্তে ফাস্ট বোলারদের দম কম হয়ে গেলে তাদের উপর থেকে অনেক চাপ নিয়ে নিতে পারতেন।”