বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলকে সমস্যার মধ্যে ফেলতে পারেন মিচেল স্টার্ক

Mitchel Starc
Mitchel Starc. (Photo by Quinn Rooney/Getty Images)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনাল ম্যাচটির আগে ভারতীয় দলের জন্য চিন্তা হয়ে দাঁড়ালেন অভিজ্ঞ অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। তার কারণ হল ওভালের পিচ। কাউকে যদি আউটফিল্ড এবং পিচকে আলাদা করতে বলা হয় তাহলে সে সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। তার কারণ হল পিচ পুরোটাই সবুজ অর্থাৎ চারদিকে ঘাস উঠে রয়েছে।

ওভালের এই ভয়ঙ্কর পিচটির ছবি শেয়ার করেছেন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক। তিনি নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই পিচের ছবিটি পোস্ট করার পর ভারতের সমর্থকদের মনে ভয় দেখা দিয়েছে। মিচেল স্টার্কদের মতো বোলারদের জন্য এটি আদর্শ পিচ। এমনিতেই অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ খুবই শক্তিশালী। যদি তারা বল করার জন্য এইরকম একটি পিচ পান তবে তাদের আটকানো ভারতীয় ব্যাটারদের পক্ষে খুব একটা সহজ হবে না। তবে অস্ট্রেলিয়ার জন্য একটি অনেক বড় ধাক্কা হল যে তাদের দলের অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড ডব্লুটিসির ফাইনাল ম্যাচটিতে চোটের কারণে খেলতে পারবেন না। অন্যদিকে, ভারতও জাসপ্রিত বুমরাহ, কেএল রাহুল এবং ঋষভ পন্থকে পাবে না।

ইংল্যান্ডে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে রোহিত বাহিনী

লন্ডনের ওভালে প্রস্তুতি নেওয়ার সময় বেশ খোশমেজাজেই দেখালো রোহিত শর্মা, বিরাট কোহলি সহ বাকি ভারতীয় দলকে। অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস আক্রমণের বিরুদ্ধে খেলতে নামার আগে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে ভারত। ৫ই জুন, সোমবার, ওভালে প্ৰথমে অনুশীলন করতে নেমেছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ওভালে সকালের দিকে আবহাওয়া বেশ মেঘলা ছিল। অস্ট্রেলিয়ার অনুশীলন শেষ হওয়ার পর ভারতীয় দল প্রস্তুতি নিতে মাঠে নেমেছিল। তবে অনুশীলনের সময় বেশ কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত ছিলেন। দুই অভিজ্ঞ পেসার উমেশ যাদব এবং মহম্মদ সিরাজকে মাঠে দেখতে পাওয়া যায়নি। অন্যদিকে রিজার্ভ খেলোয়াড় সূর্যকুমার যাদবও অনুশীলন করতে আসেননি।

ভারতীয় খেলোয়াড়রা বেশ অনেকক্ষণই অনুশীলন করেন। ভারতীয় ব্যাটাররা মিচেল স্টার্কের বোলিংয়ের জন্য প্রস্তুত থাকার জন্য মূলত বাঁ-হাতি বোলারদের বিরুদ্ধেই খেলছিলেন। বিরাট কোহলি পেসার এবং স্পিনার উভয়ের বিরুদ্ধেই ব্যাট করেছেন। মহম্মদ শামিও নেটে ব্যাটিং অনুশীলন করেছেন।

তবে ভারতের উইকেটরক্ষক জট এখনও কাটছে না। হাতে বেশি সময় বাকি না থাকলেও এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না যে ভারত কেএস ভরত এবং ইশান কিষানের মধ্যে কাকে সুযোগ দেবে।

close whatsapp