বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী চেতেশ্বর পূজারা

Cheteshwar Pujara
Cheteshwar Pujara. (Photo Source: BCCI)

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) দ্বিতীয় ফাইনাল ম্যাচটি শুরু হতে আর বেশি সময় বাকি নেই। ৭ই জুন থেকে ইংল্যান্ডের ওভালে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডব্লুটিসির ফাইনাল ম্যাচটি খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। ২০২১ সালে সাউদাম্পটনের রোস বোলে ডব্লুটিসির উদ্বোধনী সংস্করণের ফাইনাল ম্যাচে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউ জিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। ডব্লুটিসি ২০২১-২৩ চক্রে ১৯ ম্যাচে ১৫২ পয়েন্টের সাথে প্ৰথম দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে, ভারত ১৮ ম্যাচে ১২৭ পয়েন্টের সাথে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল। এই বছরের শুরুতে বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল ভারত। ইংল্যান্ডে তারা সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। বর্তমানে উভয় দলই ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে।

চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর আগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছিলেন। এরপর একে একে রোহিত শর্মা, শুভমন গিল, মহম্মদ শামি এবং অজিঙ্কা রাহানে ইংল্যান্ডে পৌঁছন।

“আমাদের খুব ভালো প্রস্তুতি রয়েছে, তাই আশা করছি এবার আমরা সীমা অতিক্রম করব” – চেতেশ্বর পূজারা

অভিজ্ঞ ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা ডব্লুটিসির ফাইনাল ম্যাচটি জেতার ব্যাপারে আশাবাদী। আগেরবার অনেক কাছাকাছি গিয়ে হারতে হলেও এইবার ভারত সীমা অতিক্রম করবে বলে মনে করছেন তিনি। পূজারা বলেছেন যে ভারত এবং অস্ট্রেলিয়া একে অপরের শক্তি জানে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চেতেশ্বর পূজারা বলেন, “আমাদের খুব ভালো প্রস্তুতি রয়েছে, তাই আশা করছি এবার আমরা সীমা অতিক্রম করব। বেশিরভাগ ছেলেই এখানে যথেষ্ট ক্রিকেট খেলেছে এবং তাদের মধ্যে কেউ কেউ কাউন্টি ক্রিকেটও খেলেছে, এবং আপনার সেই অভিজ্ঞতার প্রয়োজন…আমরা একে অপরের শক্তি জানি এবং আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও অনেক ক্রিকেট খেলেছি তাই আমরা জানি প্রতিপক্ষ দলের কাছ থেকে কী আশা করা যায়।”

ডব্লুটিসির ফাইনাল ম্যাচটিতে চেতেশ্বর পূজারার কাছ থেকে একটি ভালো পারফরম্যান্স আশা করবে ভারতীয় দল। বর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হওয়ার পরেও তিনি লাল বলে ক্রিকেট খেলা চালিয়ে গেছেন। ভারত এবং অস্ট্রেলিয়া দুটি দলই খুব শক্তিশালী। শেষমেশ ডব্লুটিসির ফাইনাল ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp