কেএস ভরতের ব্যাটিংয়ে আমার খুব একটা আস্থা নেই: হরভজন সিং

KS Bharat
KS Bharat. (Photo Source: BCCI)

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ফাইনালে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত কেএস ভরত এবং ইশান কিষানের মধ্যে কাকে উইকেটরক্ষক হিসেবে খেলাবে সেই নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। অনেকে মনে করছেন যে ইশান কিষান এর আগে কখনও আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট না খেলায় কেএস ভরতকে ফাইনালে খেলার সুযোগ দেওয়া উচিত। আবার অনেকে কেএস ভরতের ব্যাটিংয়ের উপর ভরসা রাখতে পারছেন না তাই তারা চাইছেন যে ইশান কিষানই ফাইনালে খেলুক।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংও কেএস ভরতের ব্যাটিংয়ের উপর আস্থা রাখতে পারছেন না। তিনি ভরতের আগে ইশানকে বেছে নেওয়ার কারণ খুব ভালোভাবে বর্ণনা করেছেন। তার মতে ফাইনাল ম্যাচটিতে ইশান কিষাণকে খেলালে ভারতের ব্যাটিং বিভাগ আরও শক্তিশালী হয়ে উঠবে। তিনি বলেছেন যে ৮০ ওভারের পর যখন দ্বিতীয় নতুন বলটি নেওয়া হবে তখন যদি ইশান কিষান ক্রিজে থাকেন তাহলে তিনি সেটির বিরুদ্ধে ভরতের চেয়ে বেশি ভালোভাবে খেলতে পারবেন। তিনি ঋষভ পন্থের সাথে ইশান কিষানের তুলনাও করেছেন।

হরভজন সিং নিজের ইউটিউব চ্যানেলে বলেন, “কেন ইশান কিষাণের আগে ভারতীয় দল ভরতকে নিয়ে ভাববে? আমি মনে করি এটি ব্যাটিংয়ে আরও শক্তি যোগাবে কারণ ইশান কিষান নতুন বলটি ভরতের চেয়ে অনেক ভালোভাবে খেলতে পারেন। তিনিও একজন ওপেনার এবং ভালো ফর্মে আছেন। তাই ৮০ ওভারের পর যদি দ্বিতীয় নতুন বলটি দিয়ে বোলিং শুরু করা হয় এবং ইশান ব্যাট করতে ক্রিজে আসেন তাহলে তিনি ওপেনার হিসেবে সেই বলের বিরুদ্ধে খেলতে পারবেন।”

তিনি আরও বলেন, “ঋষভ পন্থ একজন বিস্ফোরক ব্যাটার এবং ঈশানেরও একই গুণ রয়েছে। যদিও ভরত উইকেটের পিছনে দুর্দান্ত, আমার ভরতের ব্যাটিংয়ে খুব বেশি আস্থা নেই।”

ডব্লুটিসির ফাইনাল থেকে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড

ডব্লুটিসির ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার আগে একটি অনেক বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। তাদের দলের অভিজ্ঞ পেসার জশ হ্যাজেলউড চোটের কারণে ফাইনাল ম্যাচটি থেকে ছিটকে গেছেন। তার জায়গায় দলে এসেছেন মাইকেল নেসের। চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়েও খুব বেশি ম্যাচ খেলতে পারেননি হ্যাজেলউড।

তবে হ্যাজেলউডের জায়গায় অস্ট্রেলিয়া দলের প্ৰথম একাদশে স্কট বোল্যান্ডের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। শেষমেশ তারা প্ৰথম একাদশে কাকে সুযোগ দেয় সেটাই এখন দেখার বিষয়।

close whatsapp