আসন্ন চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচের ব্যাপারে নিজের বক্তব্য জানালেন আকাশ চোপড়া
আপডেট করা - May 23, 2023 6:19 pm

২৩শে মে, মঙ্গলবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর কোয়ালিফায়ার ১-এ এমএ চিদম্বরম স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স (জিটি) একে অপরের মুখোমুখি হবে।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া এই গুরুত্বপূর্ণ ম্যাচটির ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি গুজরাট টাইটান্সের নতুন বলের বোলার বনাম চেন্নাই সুপার কিংসের ফর্মে থাকা ব্যাটারদের মধ্যে লড়াই দেখার জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে আকাশ চোপড়া বলেন, “বড় লড়াইয়ের মধ্যে, আপনার সবসময় কিছু ছোট-ছোট লড়াই হয়। গুজরাটের নতুন বলের বোলার বনাম চেন্নাইয়ের সেরা ইন-ফর্ম ব্যাটার, আমি সেই লড়াইটি দেখার অপেক্ষায় রয়েছি। শেষবার যখন এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল, মহম্মদ শামি একটি আশ্চর্যজনক কাজ করেছিলেন। তিনি শুরুতেই ডেভন কনওয়ের স্টাম্পে আঘাত করেছিলেন।”
তিনি আরও বলেন, “এখন যখন তারা এখানে মিলিত হবে, তখন মহম্মদ শামি একদিকে থাকবেন এবং তার পাশে থাকবেন যশ দয়াল বা অন্য কেউ। হার্দিক পান্ডিয়া বোলিং করতে পারেন। তারা রুতুরাজ গায়কওয়াড় এবং ডেভন কনওয়েকে কীভাবে বোলিং করে তা ম্যাচের টোন সেট করতে পারে।”
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংস হল আইপিএলের অন্যতম সফল দল। তারা এখনও পর্যন্ত ৪ বার আইপিএল শিরোপা জিতেছে। অন্যদিকে, গুজরাট টাইটান্স নিজেদের উদ্বোধনী মরসুমে শিরোপা জিতে সকলের নজর কেড়েছেন। আইপিএল ২০২২ এবং ২০২৩-এ প্ৰথম দল হিসেবে প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।
সিএসকে এখনও পর্যন্ত ১২ বার প্লেঅফসে খেলেছে। আইপিএলের ইতিহাসে যা সর্বোচ্চ। তবে জিটির বিরুদ্ধে তারা এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি। প্রসঙ্গত উল্লেখ্য, সিএসকে এবং জিটি এখনও পর্যন্ত একে অপরের বিরুদ্ধে ৩টি ম্যাচ খেলেছে। এই মরসুমের উদ্বোধনী ম্যাচে এমএস ধোনির নেতৃত্বাধীন দলকে ৫ উইকেটে পরাজিত করেছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান করেছিল চেন্নাই সুপার কিংস। রান তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে ১৮২ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় গুজরাট টাইটান্স। প্লেঅফসের প্ৰথম ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।