আইপিএল ২০২৩, কোয়ালিফায়ার ১: জিটি বনাম সিএসকে, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ
প্রবল উত্তেজক ম্যাচে বড় ফ্যাক্টর হবেন স্পিনাররা
আপডেট করা - May 22, 2023 7:03 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৭১তম ম্যাচ তথা প্রথম কোয়ালিফায়ারে ২৩শে মে, মঙ্গলবার, চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও গত মরসুমের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (জিটি) মুখোমুখি হবে। এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে।
সিএসকে তাদের শেষ চার ম্যাচের মধ্যে তিনটি জিতলেও, চেন্নাইয়ের মাঠে তাদের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছে। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিগ পর্ব শেষ করার পরে টাইটান্সের মতো শক্তিশালী দলকে টক্কর দিতে হবে এমএস ধোনির নেতৃত্বাধীন দলকে। সিএসকের প্রধান সুবিধা হতে চলেছে চেন্নাইয়ের মাঠের প্রবল জনসমর্থন।
অন্যদিকে, গুজরাত টাইটান্সও তাদের শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে। লিগ পর্বের শেষ ম্যাচে ১৯৮ রান তাড়া করেছে পাঁচ বল বাকী থাকতে। তরুণ ওপেনার শুবমান গিল পরপর দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের শীর্ষ দুই উইকেটশিকারী মহম্মদ শামি ও রাশিদ খান গুজরাতের অন্যতম প্রধান শক্তি।
পিচ কন্ডিশন
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পিচে ফাটল থাকতে পারে এবং শুষ্ক হওয়ার কারণে বল ঘুরতে পারে। উভয় দলের স্পিনাররাই এখানে বোলিং উপভোগ করবেন। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া এবং লক্ষ্য তাড়া করা একটি বিবেচক সিদ্ধান্ত হতে পারে। ১৭৫ রানের কাছাকাছি স্কোর প্লে-অফের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে।
উভয় দলের কম্বিনেশন
গুজরাত টাইটান্স
দাসুন শানাকাকে মিডল অর্ডারে খেলিয়ে বিশেষ লাভবান হয়নি জিটি। তাই তাঁকে বাদ দেওয়া হতে পারে। সেই বিদেশী কোটা পেতে পারেন আলজারি জোসেফ বা জশ লিটল। চেন্নাইয়ের স্পিন সহায়ক পিচের কথা বিবেচনা করে তিন নম্বরে সাই সুধারসানকে খেলানো হতে পারে। বোলিং একাদশের অন্তর্ভুক্ত হতে পারেন মোহিত শর্মা বা যশ দয়াল।
সম্ভাব্য একাদশ: শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুধারসান, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, আলজারি জোসেফ/জশ লিটল, মহম্মদ শামি, নূর আহমেদ।
চেন্নাই সুপার কিংস
সিএসকে তাদের একাদশে বিশেষ পরিবর্তন করেনি পুরো টুর্নামেন্ট জুড়েই এবং এই ধারা প্লে-অফেও বজায় থাকতে চলেছে। গত ম্যাচে যে একাদশ খেলেছিল, তাই অপরিবর্তিত থাকবে এবং বোলিং একাদশের অংশ হিসেবে সংযুক্ত হবেন মাথিশা পাথিরানা।
সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, মইন আলি, আজিঙ্ক্যা রাহানে, শিবম দুবে, আম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, মাহীষ থিকশানা, তুষার দেশপান্ডে।
হেড-টু-হেড
ম্যাচ – ৩ | গুজরাত টাইটান্স – ৩ | চেন্নাই সুপার কিংস – ০
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ