আইপিএলে প্ৰথম ব্যাটার হিসেবে ৭০০০ রান সম্পূর্ণ করলেন বিরাট কোহলি
আপডেট করা - May 6, 2023 8:46 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৫০ তম ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস (ডিসি) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচেই আইপিএলে ৭০০০ রান সম্পূর্ণ করলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। প্ৰথম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।
আইপিএলের ১৬ তম সংস্করণে দুই দলেরই এটি দশম ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও পর্যন্ত ৫টি ম্যাচে জয় পেয়েছে এবং পয়েন্ট তালিকায় তারা পঞ্চম স্থানে রয়েছে। অন্যদিকে, ডেভিড ওয়ার্নারের দল এখনও পর্যন্ত মাত্র ৩টি ম্যাচে জয় পেয়েছে এবং পয়েন্ট তালিকায় তারা সবার শেষে রয়েছে।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আরসিবির অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ম্যাচের দ্বিতীয় ওভারে বল করতে এসেছিলেন অক্ষর প্যাটেল। সেই ওভারের পঞ্চম বলে একটি অসাধারণ কাট শটের মাধ্যমে বাউন্ডারি মেরে এই মাইলফলক স্পর্শ করেন বিরাট। তিনি ২২৫টি ইনিংস খেলে এই মাইফলকে পৌঁছলেন। আইপিএলে এখনও পর্যন্ত ৫টি শতরান করেছেন তিনি। তার সর্বোচ্চ স্কোর হল ১১৩।
প্রথম ১০ ওভারে ৭৯ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই ওপেনার ফাফ ডু প্লেসিস এবং বিরাট কোহলি মিলে একটি অসাধারণ পার্টনারশিপ করেন। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৫১ রান করে তারা। এরপরেও তারা ভালো ভাবেই এগোচ্ছিল। ফাফ এবং কোহলি মিলে প্ৰথম ১০ ওভারে স্কোরবোর্ডে ৭৯ রান তোলেন।
এরপর অধিনায়ক ফাফ ডু প্লেসিস মিচেল মার্শের বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। তিনি ৩২ বলে ৪৫ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৫টি চার এবং ১টি ছয় মারেন। এরপর ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। নিজের প্ৰথম বলেই আউট হন তিনি। এই মরসুমে এটি ছিল তার দ্বিতীয় গোল্ডেন ডাক। পরপর দুটি বলে দুটি উইকেট নিয়ে ডিসিকে ম্যাচে ফিরতে সাহায্য করেছেন মিচেল মার্শ। ইতিমধ্যেই ১০০ রান অতিক্রম করে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং মহিপাল লোমরোর। দুজনেই বেশ ভালো ব্যাটিং করছেন। এই ম্যাচটি জিততে পারলে প্লেঅফসের অনেক কাছে চলে যাবে ফাফ ডু প্লেসিসের দল। তারা শেষমেশ কত রান করতে পারে সেটাই এখন দেখার বিষয়।