ম্যাচের শেষ ওভারে জেসন হোল্ডারের বলে পরপর তিনটি ছয় মারা নিয়ে মুখ খুললেন টিম ডেভিড
আপডেট করা - May 1, 2023 7:39 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৪২ তম ম্যাচে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল রাজস্থান রয়্যালসকে (আরআর) ৬ উইকেটে পরাজিত করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। ডেথ ওভারে একটি ঝোড়ো ইনিংস খেলে মুম্বাইকে এই ম্যাচে জয় এনে দিয়েছিলেন টিম ডেভিড।
এই ম্যাচটিতে জেতার জন্য শেষ ওভারে এমআইয়ের প্রয়োজন ছিল ১৭ রান। আরআরের হয়ে শেষ ওভারটি করতে এসেছিলেন জেসন হোল্ডার। টিম ডেভিড সেই ওভারের প্ৰথম ৩টি বলে ৩টি ছয় মেরে মুম্বাইকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। টিম ডেভিড মাত্র ১৪ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ২টি চার এবং ৫টি ছয়।
টিম ডেভিড বলেছেন যে সেই মুহূর্তে ঘামের কারণে বল ধরতে অসুবিধা হচ্ছিল এবং জেসন হোল্ডারের পক্ষে শেষ ওভারে ১৭ রান করা থেকে তাদের আটকানো খুবই কঠিন ছিল। জেসনের অবস্থা তিনি অনুভব করতে পারছেন বলে জানিয়েছেন।
টিম ডেভিড বলেন, “সেই মুহূর্তে বল করা খুবই কঠিন ছিল। ঘামের কারণে বল ঠিকঠাকভাবে ধরতে অসুবিধা হচ্ছিল। ব্যাটার হিসাবে, আপনি যখন ভালো ছন্দে এগোতে থাকেন তখন আপনার মনে আত্মবিশ্বাস জাগে। প্ৰথম বলটিতে ছয় মারা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই কাজটি তার (জেসন হোল্ডার) পক্ষে করা খুবই কঠিন ছিল। আমি তার অবস্থা অনুভব করতে পারছি। বল ধরতে অসুবিধা হলে যে কোনো বোলারই সমস্যায় পড়বেন। এইরকম পরিস্থিতিতে বোলিং করা যেকোনো বোলারের পক্ষেই খুব কঠিন।”
যশস্বী জয়সওয়ালের প্রশংসা করলেন টিম ডেভিড
রাজস্থান রয়্যালস ম্যাচটি জিততে না পারলেও যশস্বী জয়সওয়াল এই ম্যাচে নিজের সেরাটা দিয়েছিলেন। তিনি ১৬টি চার এবং ৮টি ছয় সহ মাত্র ৬২ বলে ১২৪ রান করেছিলেন। আইপিএলে এটি ছিল তার প্ৰথম শতরান। টিম ডেভিড তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন যে যশস্বী ভবিষ্যতেও ভালো খেলুক সেটাই তিনি চাইবেন।
টিম ডেভিড বলেন, “সে একটি অসাধারণ ইনিংস খেলেছে, তাকে অভিনন্দন। তার খেলা দেখতে খুবই ভালো লাগে। সে একজন মুম্বাইয়ের ছেলে, তাই তার ঘরের মাঠে শতরান করাটা অবশ্যই তার জন্য বিশেষ হবে। আমি জানি না এটি আইপিএলে তার প্রথম শতরান কিনা, তবে এটি একটি দুর্দান্ত ইনিংস ছিল। তিনি ভবিষ্যতেও ভালো করুক সেটাই চাইব।”