আইপিএল ২০২৩, ম্যাচ ৩৯: কেকেআর বনাম জিটি, কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ
জয়ের ধারা বজায় রাখতে চায়বে কেকেআর
আপডেট করা - Apr 28, 2023 2:57 pm

টানা চার ম্যাচে হারের পরে অবশেষে আইপিএল ২০২৩-এ জয়ের রাস্তায় ফিরতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২৯শে এপ্রিল, শনিবার, চলমান মরসুমের ৩৯তম ম্যাচে কেকেআর তাদের আসন্ন ম্যাচে ঘরের মাঠে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে খেলতে নামবে গুজরাত টাইটান্স (জিটি)-এর বিরুদ্ধে। এখনও অবধি আট ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে কেকেআর পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে।
আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২১ রানের আধিপত্যপূর্ণ জয় অর্জন করেছে কেকেআর। জেসন রয় ও নীতীশ রানার আগ্রাসী ইনিংসের সৌজন্যে কেকেআর ২০০/৫ রান করেছিল। জবাবে ব্যাঙ্গালোর ২০ ওভারে ১৭৯/৮ স্কোরে থমকে যায়। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিটির বিরুদ্ধে নামার আগে দেখে নেওয়া যাক কেকেআরের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।
আগের ম্যাচে জেসন রয় মাত্র ২৯ বলে ৫৬ রান করে কেকেআরকে দুর্দান্ত সূচনা দিয়েছিলেন। পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন ইংলিশ খেলোয়াড়। আসন্ন ম্যাচে আরও একটি আগ্রাসী পাওয়ারপ্লের জন্য কেকেআর তাকিয়ে থাকবে রয়ের দিকে। গত ম্যাচে ওপেনার হিসেবে খেলা নারায়ণ জগদীসান আবারও রয়ের ওপেনিং সঙ্গী হতে পারেন।
কেকেআরের একাদশে প্রত্যাবর্তন হতে পারে শার্দূল ঠাকুরের
ভেঙ্কটেশ আইয়ার ও অধিনায়ক নীতীশ রানা যথাক্রমে তিন ও চার নম্বরে নিয়মিত ব্যাটিং করছেন এবং জিটির বিরুদ্ধেও সেটি পরিবর্তন হওয়ার বিশেষ সম্ভবনা নেই। ব্যাটার হিসেবে আন্দ্রে রাসেলের কাছ থেকে কেকেআর এখনও প্রত্যাশিত অবদান পায়নি এবং তাঁকে বেশী ওভার দেওয়ার জন্য পাঁচ নম্বরে পাঠানো হতে পারে। ইডেন গার্ডেন্সের ছোট মাঠকে কাজে লাগিয়ে রাসেল ফর্মে ফেরার রাস্তা বার করতে পারেন।
ফিনিশার হিসেবে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়া রিঙ্কু সিং ছয় নম্বর পজিশনে থাকবেন। নিয়মিত ২০তম ওভার অবধি থেকে ইনিংস শেষ করে আসছেন রিঙ্কু। শার্দূল ঠাকুর সম্ভবত চোটমুক্ত হয়ে জিটির বিরুদ্ধে ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাবেন। শার্দূল খেলার মতো অবস্থায় থাকলে, তাঁকে সাত নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হবে।
ডেভিড ভিসা আগের ম্যাচে বোলিং না করলেও তিন বল ব্যাটিং করে ১২ রানের তাৎপর্যপূর্ণ ইনিংস খেলেছিলেন।জিটির বিপক্ষে বোলার হিসেবেও ব্যবহৃত হতে পারেন ভিসা। সিনিয়র পেসার উমেশ যাদব শেষ সাত ম্যাচে একটিও উইকেট পাননি এবং তাঁকে বাদ দিয়েই শার্দূল ঠাকুরকে একাদশে রাখা হতে পারে।
বৈভব আরোরা একাদশে তাঁর স্থান ধরে রাখতে পারেন। স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী ও সুয়াশ শর্মার একজনকে ব্যাটিংয়ের সময়ে রেখে, বোলিংয়ের সময়ে অন্যজনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হতে পারে।
প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: জেসন রয়, নারায়ণ জগদীসন (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, ডেভিড ভিসা, সুনীল নারিন, বৈভব আরোরা, সুয়াশ শর্মা।
প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ: নারায়ণ জগদীসন (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, ডেভিড ভিসা, সুনীল নারিন, বৈভব আরোরা, সুয়াশ শর্মা বরুণ চক্রবর্তী।