“আমাদের আয়নায় তাকাতে হবে” – পরপর চার ম্যাচে কেকেআরের হারের পরেও জেসন রয় আশা ছাড়ছেন না
রয় দুই ম্যাচ খেলে মোট ১০৪ রান করেছেন
আপডেট করা - Apr 26, 2023 3:43 pm

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর ব্যাটার জেসন রয় বলেছেন যে দলটিকে অবশ্যই প্রত্যাবর্তনের একটি পথ খুঁজে বার করতে হবে এবং আইপিএল ২০২৩-এর দ্বিতীয়ার্ধ নতুনভাবে শুরু করতে হবে। চলমান আইপিএলে দশটি দলই সাতটি করে লিগ ম্যাচ খেলে ফেলেছে। কলকাতা দুটি জয় এবং পাঁচটি পরাজয়ের সাথে অষ্টম স্থানে রয়েছে। শেষ চার ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছে কেকেআর এবং এখন প্লে-অফে পৌঁছনোর রাস্তা কঠিন।
বুধবার, ২৬শে এপ্রিল, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কেকেআর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর বিরুদ্ধে লড়বে। ম্যাচের আগে রয় বলেছেন যে দলের সদস্যদের আত্মবিশ্বাস উঁচু রাখতে হবে। অতীত ভুলে সামনে তাকানোর বার্তা দিয়েছেন ওপেনার।
“ক্যাম্পে কথা হচ্ছে নিজেদের খেলা উপভোগ করার নিয়ে। ক্রিকেটে, বিশেষ করে সংক্ষিপ্ত ফর্ম্যাটে, আত্মবিশ্বাস হারানো সহজ। আমরা আত্মবিশ্বাসকে উঁচুতে রাখার চেষ্টা করছি, হাসিমুখে চেঞ্জ রুমে থাকছি। ব্যক্তি হিসাবে আমাদের আয়নায় তাকাতে হবে, প্রতিটি সেশনে আরও ভালো হতে হবে এবং ভাবতে হবে যে আমরা কীভাবে ব্যক্তিগতভাবে খেলাটিকে আরও ভালোভাবে প্রভাবিত করতে পারি। হারলেও আমাদের ব্যক্তিগত কিছু ভালো পারফর্ম্যান্স হয়েছে, যা ইতিবাচক। কিন্তু হার তো হারই হয়। টুর্নামেন্টের অর্ধেকে যা হওয়ার হয়ে গেছে এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে,” ম্যাচের আগে রয় বলেছেন।
আগের ম্যাচে পাঁচ নম্বরে ব্যাটিং করার কারণ জানিয়েছেন জেসন রয়
আইপিএল ২০২৩-এ তাদের আগের ম্যাচে, ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ৪৯ রানের ব্যবধানে হারে চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর বিরুদ্ধে। সিএসকের বিপক্ষে হারলেও রয়ের ফর্ম কেকেআরের জন্য ইতিবাচক ছিল। ইংলিশ ব্যাটার মাত্র ২৬ বলে ৬১ রান করেছিলেন, পাঁচটি চার ও পাঁচটি ছক্কার সৌজন্যে। সেই ম্যাচে ইনিংস ওপেন করার বদলে ৫ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন।
তার কারণ ব্যাখ্যা করে ইংল্যান্ডের ব্যাটার বলেছেন, “আমাদের ইনিংসের শেষ ১২ মিনিটের জন্য আমি মাঠ ছেড়েছিলাম তাই যখন আমাদের ইনিংস শুরু হয়েছিল তখন আমি প্রথম ১২ মিনিটে ব্যাট করতে পারতাম না, এবং খুব তাড়াতাড়ি আমাদের উইকেটগুলি পড়ে গিয়েছিল। দুর্ভাগ্যবশত খেলার নিয়মটাই এমন। এর পিছনে কোন কারণ ছিল না, আমি সত্যিই ওপেন করতে চেয়েছিলাম।”
২০২৩-এর অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপের জন্য তাঁর প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হলে, ৩২ বছর বয়সী বলেছেন যে তিনি খুব বেশি সামনের দিকে তাকাচ্ছেন না। রয় মন্তব্য করেছেন, “বছরের শেষে ৫০ ওভারের বিশ্বকাপ আছে, আমি আগেও উপমহাদেশে বেশ কিছুটা ক্রিকেট খেলেছি। আমি শুধু বাকি টুর্নামেন্টের (আইপিএল) জন্য থাকতে পেরে উত্তেজিত কারণ আমাদের একটি কঠিন শুরু হয়েছে। এটি আমাদের জন্য একটি বিশাল দ্বিতীয়ার্ধ।”