কফি অর্ডার করেও খেতে পারেননি, অক্ষর প্যাটেল জবাব দিলেন ম্যাচের সেরা হয়ে
এসআরএইচের বিরুদ্ধে ৩৪ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়েছেন অক্ষর
আপডেট করা - Apr 25, 2023 2:20 pm

সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)-এর বিরুদ্ধে ২৪শে এপ্রিল, সোমবার, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এ দিল্লি ক্যাপিটালস (ডিসি)-এর দ্বিতীয় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অক্ষর প্যাটেল। তাঁর অবদানের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছিলেন তিনি। তাঁর অলরাউন্ড দক্ষতা প্রদর্শন করে ব্যাট হাতে ৩৪ বলে ৩৪ রান করার পরে বল হাতে ২ উইকেট নিয়েছিলেন ২১ রান দিয়ে।
ব্যাটে ও বলে দুর্দান্ত প্রদর্শনের পরে অক্ষর জানিয়েছেন মাঝ ইনিংসে দিল্লির ব্যাটিং বিপর্যয়ের সময়ে তাঁকে কোন অবস্থার মধ্যে ব্যাট করতে আসতে হয়েছিল। প্রথম ইনিংসের অষ্টম ওভারে ওয়াশিংটন সুন্দরের বিপক্ষে তিন উইকেট হারিয়েছিল ডিসি। ক্যাপিটালসের স্কোর ৫৭/২ থেকে নিমেষের মধ্যে ৬২/৫ হয়ে গিয়েছিল। অক্ষর প্রকাশ করেছেন যে তিনি সেই ওভারের আগে এক কাপ কফির অর্ডার দিয়েছিলেন, তবে কফি না খেয়েই তাঁকে তড়িঘড়ি ব্যাট করতে আসতে হয়েছিল।
“কফি অর্ডার করার পরে কী হল, আমার কোন ধারণাই ছিল না। এক ওভারে দল তিনটি উইকেট হারানোর পরে আমি কাপ ছেড়ে চলে এসেছি্লাম। পার্টনারশিপটা হওয়ায় ভালো হয়েছিল। আমরা জানতাম আমরা কিছু রান করলে আমাদের সুযোগ থাকবে। ওটা এখনও ওখানেই রয়ে গেছে (হাসতে হাসতে কফি সম্পর্কে বলেছেন),” ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় অক্ষর বলেছেন।
অষ্টম ওভারের শুরুতে ক্রিজে ছিলেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও সরফরাজ খান। তবে ওয়াশিংটন সুন্দর একই ওভারে মাত্র পাঁচ রান দিয়ে ওয়ার্নার, সরফরাজ ও আমান হাকিম খানের উইকেট নিয়ে সফরকারী দলকে চাপে ফেলে দিয়ে খুব দ্রুত পরিস্থিতি বদলে দেন। পাঁচ উইকেট পড়ার পরে অক্ষর ও মনীশ পান্ডে ক্রিজে আসার সময়ে ডিসির স্কোর ছিল ৮ ওভারে ৬২/৫।
মায়াঙ্ক আগরওয়াল ও এইডেন মার্করামকে আউট করেন অক্ষর প্যাটেল
এই জুটি ষষ্ঠ উইকেটে ৫৯ বলে ৬৯ রান যোগ করে দিল্লিকে প্রথম ইনিংসে ১৪৪/৯ স্কোরে নিয়ে যান। দ্বিতীয় ইনিংসে এসআরএইচ অত্যন্ত মন্থরভাবে শুরু করেছিল। ১১ ওভারের পরে মাত্র এক উইকেট হারিয়েছিল তারা এবং ক্রিজে ছিলেন সেট হয়ে যাওয়া মায়াঙ্ক আগরওয়াল ও রাহুল ত্রিপাঠী। তবে এসআরএইচ সেই সময়ের মধ্যে করেছিল মাত্র ৬৭/১।
দ্বাদশ ওভারে অক্ষর প্যাটেল আগরওয়ালকে ৪৯ রানে আউট করেন। এরপরের তিন ওভারে আরও ৩ উইকেট হারিয়েছিল এসআরএইচ। হাইনরিখ ক্লাসেন ১৯ বলে ৩১ রান করে লড়াকু ইনিংস খেললেও ডিসি শেষ পর্যন্ত সাত রান পিছিয়ে পড়েছিল।