আইপিএল ২০২৩, ম্যাচ ২১: এলএসজি বনাম পিবিকেএস, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

পরপর দুটি হারের পরে চাপে পাঞ্জাব কিংস

Lucknow Super Giants
Lucknow Super Giants. (Photo Source: IPL/BCCI)

ফাফ ডু প্লেসির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জেতার পরে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) তাদের পরবর্তী ম্যাচ খেলতে ঘরের মাঠে ফিরছে। ১৫ই এপ্রিল, শনিবার, লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংস (পিবিকেএস)-এর বিরুদ্ধে নামছে কেএল রাহুল ও তাঁর সতীর্থরা।

আইপিএল ২০২২-এ যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল, তখন কেএল রাহুলের নেতৃত্বাধীন দল ২০ রানে বিজয়ী হয়েছিল। এলএসজি তাদের আগের ম্যাচে ২১৩ রান তাড়া করে শেষ বলে ১ উইকেটে একটি রুদ্ধশ্বাস জয় অর্জন করেছিল।

অন্যদিকে পাঞ্জাব কিংস প্রথম দুই ম্যাচ জিতে অভিযান শুরু করলেও, শেষ দুই ম্যাচে হেরে জোরালো ধাক্কা খেয়েছে এবং পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় স্যাম কারান এখনও অবধি বিশেষ প্রভাব রাখতে পারেননি। তবে লিয়াম লিভিংস্টোন স্কোয়াডে যোগ দিয়ে প্র্যাক্টিস শুরু করায় আশাবাদী হবে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল।

পিচ কন্ডিশন

আইপিএল ২০২৩-এ লখনউয়ের একানা স্টেডিয়ামে আয়োজিত দুটি ম্যাচে দাপট দেখিয়েছেন স্পিনাররা। টস জিতলে প্রথমে ব্যাটিং করা সুবিধাজনক হতে পারে কারণ ম্যাচ যত এগোবে, ততই পিচ মন্থর হতে থাকবে।

উভয় দলের কম্বিনেশন

লখনউ সুপার জায়ান্টস

দীপক হুডা ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে চলেছেন এবং তাঁকে বাদ দিয়ে টপ অর্ডারে মনন ভোহরাকে অন্তর্ভুক্ত করতে পারে লখনউ। লখনউয়ের স্পিন সহায়ক পিচে কৃষ্ণাপ্পা গৌথামকে খেলানো হতে পারে ব্যাটিং গভীরতা পাওয়ার জন্য। এ ছাড়া বাকী একাদশে বিশেষ কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

সম্ভাব্য একাদশ: কাইল মেয়ার্স, কেএল রাহুল (অধিনায়ক), মনন ভোহরা, নিকোলাস পুরান (উইকেটকিপার), মার্কাস স্টইনিস, আয়ূষ বাদোনি, ক্রূণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌথাম, মার্ক উড, রবি বিষ্ণোই, আভেশ খান।

পাঞ্জাব কিংস

শুরতে ব্যাটিং করলে পাঞ্জাব কিংস তিন বিদেশী নিয়ে নামতে পারে এবং বোলিংয়ের সময় ন্যাথান এলিসকে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে সংযোজন করতে পারে। ম্যাচ ফিট থাকলে একাদশে ‌ফেরত আসতে পারেন লিয়াম লিভিংস্টোন। বাদ যাওয়ার সম্ভাবনা স্যাম কারান ও ভানুকা রাজাপাকসার।

সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরান সিং, অথর্ব তাইদে, লিয়াম লিভিংস্টোন, ম্যাথিউ শর্ট, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, হারপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, রাহুল চাহার, আর্শদীপ সিং।

হেড-টু-হেড

ম্যাচ – ১ | লখনউ সুপার জায়ান্টস – ১ | পাঞ্জাব কিংস – ০

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp