গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর দ্রুততম বল করলেন লকি ফার্গুসন

Lockie Ferguson
Lockie Ferguson. (Photo Source: Jio Cinema)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ১৩ তম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স (জিটি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচেই নিজের প্রাক্তন দল জিটির বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর দ্রুততম বলটি করলেন লকি ফার্গুসন।

হার্দিক পান্ডিয়া অসুস্থতার কারণে কেকেআরের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন রাশিদ খান। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। কেকেআরের পেসার লকি ফার্গুসন চতুর্থ ওভারের দ্বিতীয় বলে এই আইপিএলের দ্রুততম বলটি করেন। তার এই বলটির গতিবেগ ছিল ১৫৪.১ কিমি/ঘন্টা। এই বলটি করার সময় শুভমন গিল ব্যাট করছিলেন। তিনি ডিপ পয়েন্টের দিকে বলটি খেলে দিয়ে ১ রান নেন।

এর পরের দুটি বলেও তিনি ১৫০ কিমি/ঘন্টা -এর অধিক বেগে বল করেন। তিনি তৃতীয় বলটির গতিবেগ ছিল ১৫০.৫ কিমি/ঘন্টা। সেই বলটিতে জিটির অভিজ্ঞ ওপেনার ঋদ্ধিমান সাহা এক্সট্রা কভারের উপর দিয়ে চার মারেন। ফার্গুসনের চতুর্থ বলটির গতিবেগ ছিল ১৫১.৪ কিমি/ঘন্টা। সেই বলটিতে সাহা কোনো রান পাননি।

আইপিএল ২০২৩-এ প্ৰথম হ্যাটট্রিক করলেন রাশিদ খান

প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৪ রান করে গুজরাট টাইটান্স। খুব ভালোভাবেই রান তাড়া করছিল কেকেআর কিন্তু তারপরই খেলা পুরোপুরিভাবে ঘুরিয়ে দেন রাশিদ খান। তিনি ১৭ তম ওভারের প্ৰথম বলে আন্দ্রে রাসেল, দ্বিতীয় বলে সুনীল নারিন এবং তৃতীয় বলে কেকেআরের দ্বিতীয় ম্যাচের নায়ক শার্দুল ঠাকুরকে আউট করেন।

কিন্তু রাশিদ খানের এই দুর্দান্ত পারফরম্যান্সের পরেও ম্যাচ জিততে পারেনি গুজরাট টাইটান্স। রিঙ্কু সিং শেষ ওভারে পরপর ৫টি ছয় মেরে জিটির মুখের সামনে দিয়ে জয় ছিনিয়ে যান। তিনি ২১ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। রিঙ্কু সিংয়ের এই দুর্দান্ত ইনিংসের হাত ধরে জিটিকে ৩ উইকেটে পরাজিত করে কেকেআর।

close whatsapp