অনুশীলনের পরে জিলিপি এবং ফাফড়া খেতে দেখা গেল এমএস ধোনি সহ সিএসকে দলকে
আপডেট করা - Mar 31, 2023 3:35 pm

৩১শে মার্চ, শুক্রবার থেকে আইপিএলের ১৬ তম সংস্করণ শুরু হতে চলেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে গত মরসুমের শিরোপা জয়ী দল গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। হার্দিক পান্ডিয়ার দলের বিরুদ্ধে ম্যাচে নামার আগের দিন অনুশীলনের পর মহেন্দ্র সিং ধোনি সহ চেন্নাই সুপার কিংসের বেশ কিছু খেলোয়াড়দের জিলিপি ফাফড়া খেতে দেখা গেল।
সিএসকের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জিলিপি ফাফড়া খাওয়ার এই ছবিটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ধোনি এবং সিএসকের বাকি খেলোয়াড়দের ম্যাচের আগে এরকম খোশমেজাজে দেখে খুশি হয়েছেন সিএসকের সমর্থকরা।
MS Dhoni and CSK had a taste of Jalebi Fafda after today's practice session. pic.twitter.com/yFGU64p3OC
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 30, 2023
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে খুবই শক্তিশালী দেখাচ্ছে। এমএস ধোনির নেতৃত্বাধীন দল অবশ্যই এবারের আইপিএল জেতার অন্যতম দাবিদার। চেন্নাই সুপার কিংস দলে অভিজ্ঞ খেলোয়াড়দের কোনো কমতি নেই। মিনি আইপিএলে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে নিজেদের দলে যুক্ত করে এই দলটি নিজেদের শক্তি আরও বৃদ্ধি করেছে। ২০২১ সালের মরসুমে ফাইনাল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করে চতুর্থবারের জন্য ট্রফি জিতেছিল সিএসকে। এইবারে পঞ্চমবার শিরোপা জেতার লক্ষ্য নিয়ে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস।
আইপিএল ২০২৩-এ কামব্যাক করতে চাইবে চেন্নাই সুপার কিংস
চারবারের আইপিএল চ্যাম্পিয়নদের গত মরসুমটি খুব একটা ভালোভাবে কাটেনি। গত মরসুমে প্ৰথম ৮টি ম্যাচে রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন। আইপিএলের ১৫ তম সংস্করণে প্ৰথম ৮টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচেই পরাজিত হয়েছিল চেন্নাই সুপার কিংস। এরপর রবীন্দ্র জাদেজা সিএসকের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান এবং মহেন্দ্র সিং ধোনি পুনরায় অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন।
এমএস ধোনির নেতৃত্বে শেষ ৬টি ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচই জিততে পেরেছিল চেন্নাই সুপার কিংস। তারা ১৪টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচ জিতে লিগ তালিকায় ৯ নম্বর স্থানে শেষ করেছিল। আগের মরসুমের ভুলগুলি শুধরে নিয়ে ধোনির নেতৃত্বাধীন দল অবশ্যই এবারের মরসুমে কামব্যাক করতে চাইবে।
রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস এবং মোয়েন আলিদের মতো অসাধারণ অলরাউন্ডাররা চেন্নাই সুপার কিংস দলে রয়েছেন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই শক্তিশালী। আইপিএলের ১৬ তম সংস্করণে সিএসকের যাত্রা কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।