গ্রেস হ্যারিসের পারফরম্যান্সে অভিুভূত প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা
আপডেট করা - Mar 6, 2023 3:29 pm

সদ্য শুরু হয়েছে মহিলাদের আইপিএল। শুরু থেকেই জমজমাট ডব্লুপিএলের মঞ্চ। গত রবিবার এবারের মহিলাদের আইপিএলে প্রথম ম্যাচে নেমেছিল ইউপি ওয়ারিয়র্স। গুজরাতের বিরুদ্ধে পিছিয়ে পড়লেও গ্রেস হ্যারিসের দুর্ধর্ষ পারফরম্যান্সে ভর করেই গুজরাতের বিরুদ্ধে ম্যাচ জিতে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। এবারের মহিলা আইপিএলের মঞ্চে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। এই মঞ্চের নায়ক যে গ্রেস হ্যারিস তা বলার অপেক্ষা রাখে না। এমন পারফরম্যান্স দেখার পরই অজি তারকার প্রশংসায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রজ্ঞান ওঝা।
তাঁর মতে এদিনের ম্যাচে গ্রেস হ্যারিসের ব্যাটে চমক ছিল। আর সেটাই যে ম্যাচের ফারাক গড়ে দিয়েছিল তা মানতে কোনও দ্বিধা নেই প্রজ্ঞান ওঝার। এদিন প্রথমে ব্যাটিং করে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল গুজরাত জায়ান্টস। ব্যাটিংয়ের পর বল হাতেও দুরন্ত ছন্দেই ছিলেন গুজরাত জায়া্টসের বোলাররা। ১০৫ রানের মধ্যে ৭ উইকেট তুলে নিয়ে একসময় ইউপি ওয়ারিয়র্সকে খাদের কিনারায় ঠেলে দিয়েছিল তারা। কিন্তু গ্রেস হ্যারিস মাঠে আসার পরই যেন বদলে গিয়েছিল গোটা চিত্রটা।
গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ২৬ বলে ৫৯ রানের ইনিংস খেলেছিলেন গ্রেস হ্যারিস
গ্রেস হ্যারিস যখন মাটে আসেন সেই সময় ইউপি ওয়ারিয়র্সের রান ছিল ৭ উইকেটে ১০৫ এবং ওভার ছিল ১৬। সেই পরিস্থিতি থেকেই মাঠে শুরু হয়ে গ্রেস ঝড়। ২০ থেকে ২৫ মিনিটের সেই ঝড়েই কার্যত বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়তে হয় গুজরাত জায়ান্টসকে। এবারের মহিলাদের আইপিএলে এখনও পর্যন্ত জয় অধরাই রয়ে গেল গুজরাত জায়ান্টসের। মাত্র ২৬ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন গ্রেস হ্যারিস। তাতেই বাজিমাত ইউপি ওয়ারিয়র্সের।
গ্রেস হ্যারিসের গোটা ইনিংস জুড়ে ছিল সাতটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি। এই অজি তারকার প্রথম ম্যাচেই এমন পারফরম্যান্স অভিভূত প্রজ্ঞান ওঝা। স্পোর্টস এইট্টিনে তিনি জানিয়েছেন, “তাঁর ব্যাটিংয়েই আলাদা ঝলক ছিল। সেই পরিস্থিতি যেভাবে বিশ্লেষণ করে তিনি খেলেছিলেন তাতে গ্রেস হ্যারিসকে পুরো পয়েন্টই দেওয়া উচিত্। সেই সময় মাঠে যথেষ্ট শিশির ছিল। সেই পরিস্থিতি খুব ভালভাবেই বিশ্লেষণ করেছিলেন গ্রেস হ্যারিস। শিশিবের প্রভাবে বোলারদের যে এক জায়গায় বল ফেলতে সমস্যা হবে সেটাও তিনি ভালভাবেই বুঝতে পেরেছিলেন। আর সেই সুযোগটাই পুরোপুরি কাজে লাগাতে পেরেছিলেন গ্রেস হ্যারিস”।
একইসঙ্গে এই ম্যাচে দীপ্তি শর্মাকে নিয়েও বেশ উচ্ছ্বসিত প্রজ্ঞান ওঝা। এই ম্যাচে ২৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন দীপ্তি শর্মা। এই মুহর্তে টি টোয়েন্টি ফর্ম্যাটে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। টি টোয়েন্টি ফর্ম্যাটে ২০০টি উইকেটও রয়েছে তাঁর। দীপ্তি শর্মার ফর্মেও আপ্লুত প্রজ্ঞান ওঝা।