দিল্লি ক্যাপিটালসের পাওয়ার হিটিংয়ে বিধ্বস্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

Delhi Capitals
Delhi Capitals (Image Source: Delhi Capitals)

ডাব্লুউপিএল ২০২৩-এর দ্বিতীয় ম্যাচে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিংয়ের প্রদর্শন করে স্কোরবোর্ডে ২ উইকেটে ২২৩ রান তুললো মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস। এটি হল মহিলাদের টি-২০ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান। মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টাসের ম্যাচের প্রথম ইনিংসের ঝলক দ্বিতীয় ম্যাচেও দেখতে পেলেন দর্শকরা।

মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে ব্যাটিংয়ের জন্য অনেক সুবিধা রয়েছে। আর সেই সুবিধাকেই কাজে লাগলো মেগ ল্যানিংয়ের দল। এই পিচে ব্যাটিংয়ের সুবিধা থাকা সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক স্মৃতি মান্ধানা টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে তার ভালো মতো সৎ ব্যবহার করেছেন মেগ ল্যানিং এবং শেফালী ভার্মা। পাওয়ার প্লের শেষ ওভারে ২০ রান তোলে এই দুই ব্যাটার। এর থেকেই বোঝা গেছিল যে এই ইনিংসে বড়ো রান হতে চলেছে।

ওপেনিং জুটিতে ১৬২ রান তুলল মেগ ল্যানিং এবং শেফালী ভার্মা

দিল্লি ক্যাপিটালসের ওপেনিং জুটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিং আক্রমণকে একেবারে নাস্তানাবুদ করে দেয়। দুজন ব্যাটসম্যানই দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতরানের গন্ডি পার করেন। প্রথম উইকেটে স্কোরবোর্ডে ১৬২ রান তোলে ল্যানিং-শেফালী জুটি। এই রানে পৌঁছতে তাদের মাত্র ৮৭ বলের প্রয়োজন হয়েছিল। এর থেকেই বোঝা যাচ্ছে যে ব্যাঙ্গালোরের বোলারদের কি করুণ অবস্থাই না হয়েছিল।

দুই ব্যাটসম্যানকে দেখেই মনে হচ্ছিল তারা ১০০ রানের গন্ডিতে সহজেই পৌঁছে যাবে। কিন্তু হেদার নাইট তিন বলের মধ্যেই দুজন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। মেগ ল্যানিং ৪৩ বলে ৭২ রান করেন এবং শেফালী ভার্মা ৪৫ বলে ৮৪ রান করেন। তবে এরপরেও রানের ঝড়কে আটকাতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলাররা। জেমিমাহ রড্রিগেস এবং মারিজান ক্যাপ খেলার গতিকে সমান গতিতে চালিয়ে নিয়ে যান। মারিজান ক্যাপ ১৭ বলে ৩৯ রান এবং জেমিমাহ রড্রিগেস ১৫ বলে ২২ রানে অপরাজিত থাকেন।

এই চার ব্যাটারের বিধ্বংসী ব্যাটিং দেখে খুবই আনন্দিত হয়েছেন দর্শকরা। অনেকেই সোশ্যাল মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রথম দুই ম্যাচ দেখে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে ডাব্লুউপিএল আগামীদিনে আরো উন্নতি লাভ করবে। প্ৰথম মরুসুমের প্ৰথম দুই ম্যাচে ২০০ রানের গন্ডি পার করতে দেখে ক্রিকেট ভক্তদেরও প্রত্যাশা অনেক বেড়ে গেছে।

 

close whatsapp