ডাব্লুউপিএল শুরু হতে না হতেই বিতর্ক বাধলো ডিয়েন্দ্রা ডটিনের চোট নিয়ে

Deandra Dottin
Deandra Dottin. (Photo by Fiona Goodall/Getty Images)

ডাব্লুউপিএলের প্রথম মরসুম ৪ঠা মার্চ শনিবার থেকে শুরু হয়ে গেছে। প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টাসকে হারিয়ে বড়ো জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে শুরু হতে না হতেই একটি বিতর্ক দানা বেঁধেছে। শনিবার ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই গুজরাট জায়ান্টাস ঘোষণা করে যে, অস্ট্রেলিয়ার মহিলা দলের অল রাউন্ডার কিম গার্থ গুজরাট দলে যোগ দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান ডিয়েন্দ্রা ডটিনের পরিবর্ত হিসেবে। চোটের কারণেই ডিয়েন্দ্রা ডটিনকে এই মরসুমে দলে পাচ্ছেন না, এমনটাই জানায় গুজরাট জায়ান্টাস।

কিন্তু এরপর ডিয়েন্দ্রা ডটিনের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই বিতর্ক শুরু হয়। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে সকলকে জানান যে তিনি একবারে সুস্থ এবং ফিট আছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ৫ই মার্চ রবিবার গুজরাট জায়ান্টাস টুইটারে একটি বিবৃতি প্রকাশ করে। তারা এই টুইটের মাধ্যমে বলেছেন যে, ডিয়েন্দ্রা ডটিনকে খেলানোর জন্য মেডিকেল ক্লিয়ারেন্স পেতে অসমর্থ হয়েছেন এবং ডাব্লুউপিএলে অংশগ্রহণ করার জন্য এই জিনিসটি অত্যাবশ্যক।

টুইটারে ডিয়েন্দ্রা ডটিনের চোটের ব্যাপারে নিজেদের বক্তব্য স্পষ্ট করেছে গুজরাট জায়ান্টাস

গুজরাট জায়ান্টাস বিবৃতিতে বলে, “ডিয়েন্দ্রা ডটিন হলেন একজন বিশ্বমানের খেলোয়াড় এবং দলের জন্য একটি অসাধারণ সাইনিং। দুর্ভাগ্যবশত, আমরা এই মরসুমের পূর্বনির্ধারিত সময় সীমার আগে মেডিক্যাল ক্লিয়ারেন্স পেতে অসমর্থ হয়েছি। ডাব্লুউপিএলে অংশগ্রহণ করার জন্য প্রত্যেক খেলোয়াড়ের এই ক্লিয়ারেন্সটি থাকা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা অবশ্যই চাইবো যে উনি যতো তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরে আসুন। তার মেডিক্যাল রিপোর্ট ঠিকঠাক এলে উনি পরবর্তী মরসুমগুলিতে গুজরাট জায়ান্টাস দলের অংশ হিসেবে খেলতে পারবেন।

ডিয়েন্দ্রা ডটিন ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলের হয়ে এখনও পর্যন্ত ১৪৩টি একদিনের ম্যাচ এবং ১২৭টি টি-২০ ম্যাচ খেলেছেন। মেডিক্যাল ক্লিয়ারেন্সের ব্যাপারে বিস্তারিত বললেও ডটিনের যে ঠিক কি হয়েছে সে ব্যাপারে কিছুই জানায়নি গুজরাট জায়ান্টাস। তিনি ইনস্টাগ্রামে ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন’- এই ম্যাসেজের উত্তরে বলেন , “কি থেকে সুস্থ হয়ে উঠবো সেটা কি আমি জিজ্ঞেস করতে পারি?” এরপরেই বিতর্ক শুরু হয়। তিনি টুইটারেও এই বিষয়ে নিজের বক্তব্য রাখেন। এরপর এই বিতর্কের জল কোনদিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়। প্রসঙ্গত উল্লেখ্য, এই ক্যারিবিয়ান ব্যাটারকে নিলামে ৬০ লাখ টাকা দিয়ে দলে নিয়েছিল গুজরাট জায়ান্টাস।

close whatsapp