মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৩: ভারত বনাম আয়ারল্যান্ড, প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
অফ ফর্মে থাকা রাজেশ্বরী গায়কওয়াড়কে বাদ দেওয়া হতে পারে
আপডেট করা - Feb 20, 2023 1:17 pm

চলমান মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩-এ হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার অপরাজিত দৌড় থেমে গেছে হেদার নাইটের ইংল্যান্ডের বিপক্ষে হারের পরে। উইমেন ইন ব্লু বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে হারানোর পরে তুলনামূলক সহজ প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে আরও একটি জয়ের লক্ষ্যে নামবে।
পরপর তিনটি ম্যাচ জিতে ইংল্যান্ড ইভেন্টের সেমিফাইনালে তাদের স্থান পাকা করেছে। ভারত যদি শেষ ম্যাচে হেরেও যায়, সেক্ষেত্রে সেমি-ফাইনালে যাওয়ার রাস্তা কঠিন করে তুলবে হরমনপ্রীতের নেতৃত্বাধীন দল। যদিও আয়ারল্যান্ড তিনটি ম্যাচই হেরে যাওয়ায় ভারতীয়দের কতটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে সেই নিয়ে সন্দেহ আছে।
টি-২০ বিশ্বকাপের ২০১৮ সংস্করণে দুই দল মুখোমুখি হয়েছিল যেখানে মিতালী রাজের নেতৃত্বে ভারত স্বাচ্ছন্দ্যে জয় নথিভুক্ত করেছিল। ভারত যদি দ্বিতীয় স্থানে থেকে শেষ চারে পৌঁছয়, সেক্ষেত্রে সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষর মুখোমুখি হতে হবে।
পিচ কন্ডিশন
গ্কেবেরহার সেন্ট জর্জ’স পার্কের পিচে পেসারদের জন্য অনুকূল পরিস্থিতি। তবে একবার পিচে থিতু হয়ে গেলে বড় স্কোর তোলা সম্ভব। ভারতীয় দলে প্রথমে ব্যাটিং করলে ১৬০ রানের বেশী তোলার দিকে নজর রাখবে।
উভয় দলের কম্বিনেশন
ভারত
প্রায় দেড় বছর পরে একাদশে ফিরে আসা শিখা পান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ভালো বোলিং করেছেন। তবে দলের চিন্তা বাড়াচ্ছেন অভিজ্ঞ স্পিনার রাজেশ্বরী গায়কওয়াড়। তাঁকে বাদ দিয়ে ব্যাটিং মজবুত করার জন্য হারলিন দেওল বা দেবিকা বৈদ্যকে খেলাতে পারে ভারত।
সম্ভাব্য একাদশ: স্মৃতি মান্ধানা, শাফালি ভার্মা, জেমিমাহ্ রড্রিগস, হরমনপ্রীত কউর (অধিনায়ক), দেবিকা বৈদ্য/হারলিন দেওল, রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, পূজা ভাস্ত্রাকার, শিখা পান্ডে, রাধা যাদব, রেণুকা সিং ঠাকুর।
আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডের টি-২০ বিশ্বকাপ অভিযানে এখনও অবধি সেরা খেলোয়াড় ওর্লা প্রেন্ডেরগাস্ট। তিনে নেমে আগ্রাসী ব্যাটিং করার পাশাপাশি বল হাতেও অবদান রেখেছেন। অধিনায়ক লরা ডেল্যানির কাছ থেকে আরও বেশী অবদান প্রত্যাশিত।
সম্ভাব্য একাদশ: অ্যামি হান্টার, গ্যাবি লিউয়িস, ওর্লা প্রেন্ডেরগাস্ট, লরা ডেল্যানি (অধিনায়ক), আইমিয়ার রিচার্ডসন, লুইস লিটল, মেরি ওয়াল্ড্রন (উইকেটকিপার), লিয়া পল, আর্লিন কেলি, কারা মারে, জেন ম্যাগুয়ার।
ভারত বনাম আয়ারল্যান্ড হেড-টু-হেড
ম্যাচ – ১ | ভারত – ১ | আয়ারল্যান্ড – ০
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ২০ ফেব্রুয়ারি, ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০
টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার