টেস্ট কেরিয়ারের সেরা বোলিং জাডেজার, এক সেশনে নয় উইকেট হারিয়ে পরাজয়ের মুখে অস্ট্রেলিয়া

৪২ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন জাডেজা

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo Source: BCCI)

ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর দুই ম্যাচে ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন। নাগপুরে ১ম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে চাঞ্চল্যকর প্রত্যাবর্তন করা জাডেজা ১৯শে ফেব্রুয়ারি, রবিবার, অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দিয়ে ৭ উইকেট নিয়েছেন। দিল্লি টেস্ট ম্যাচের তৃতীয় দিনে জাডেজা তাঁর কেরিয়ারের ১২তম ফাইফার শিকার করে অস্ট্রেলিয়াকে সকালের সেশনে গুঁড়িয়ে দেন।

রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বেঁধে জাডেজা এক সেশনের মধ্যেই অস্ট্রেলিয়ার যাবতীয় লড়াইকে ধ্বংস করে দেন।জাডেজার সাতটি শিকারের মধ্যে গতকাল ছিলেন উসমান খোয়াজা। রবিবার তিনি আউট করেছেন যথাক্রমে  মার্নাস ল্যাবুশেন, পিটার হ্যান্ডসকম্ব, প্যাট কামিন্স, অ্যালেক্স ক্যারি, ন্যাথান লায়ন ও ম্যাথিউ কুহ্‌নেমানকে।

ভারত তাদের ব্যাটিং ইনিংস ২৬২ রানে শেষ করার পরে মাত্র এক রানের লিড নিয়ে সফরকারীরা প্রতিযোগিতামূলক স্কোরের লক্ষ্যে আগ্রাসী ব্যাটিং করতে থাকে। দ্বিতীয় দিনের শেষে তা কার্যকর হলেও, রবিবারের সকালে রবিচন্দ্রন অশ্বিনের সামনে প্রাথমিকভাবে বিপাকে পড়তে থাকে অস্ট্রেলিয়া। ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথকে আউট করে ভারতকে ভালো শুরু এনে দেন অফ স্পিনার।

জাডেজাকে যোগ্য সহায়তা করেছেন অশ্বিন

এরপরে যদিও প্রায় পুরো সময় জুড়েই জাডেজার ম্যাজিক। ফর্মে থাকা ব্যাটার ল্যাবুশেনকে বোল্ড করে তৃতীয় দিনে তাঁর প্রথম উইকেটটি নেন জাডেজা। ম্যাথিউ রেনশর পতনের মাধ্যমে অস্ট্রেলিয়া পঞ্চম উইকেট হারায় যখন অশ্বিন তাঁকে এলবিডাব্লিউ আউট করেন। অস্ট্রেলিয়া অবশিষ্ট পাঁচটি উইকেট হারায় বাঁ-হাতি স্পিনারের দক্ষ বোলিং সামলানোর উত্তর খুঁজে না পেয়ে। ৮৫/২ থেকে অস্ট্রেলিয়া ৫ ওভারেরও কম সময়ে ৯৫/৭ হয়ে যায়।

অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার প্রতিরোধ গড়ে তোলার সাময়িক প্রচেষ্টা করলেও, তা কার্যকর হয়নি এবং অস্ট্রেলিয়াকে ১১৩ রানে গুঁড়িয়ে দিতে উল্লেখযোগ্য অবদান রাখেন জাডেজা। মাত্র ১২.১ ওভারে ৪২ রান দিয়ে ৭ উইকেট নিয়ে টেস্ট কেরিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান নথিবদ্ধ করেন জাডেজা। এর আগে প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ায়, ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা হল ১০।

অভিজ্ঞ স্পিনার অশ্বিনও যোগ্য সহায়তা করেছেন তাঁর সতীর্থ স্পিনারকে। টপ ও মিডল অর্ডারের তিন ব্যাটারকে আউট করে তিনি ঘাতক হিসেবে প্রমাণিত হন। দ্বিতীয় ইনিংস অশ্বিনের বোলিং পরিসংখ্যান ১৬-৩-৫৯-৩। জয়ের জন্য ১১৫ রান তাড়া করতে নেমে লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ১৪/১।

close whatsapp