দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য রিচা ও দীপ্তিকে কৃতিত্ব দিলেন অধিনায়ক হরমনপ্রীত

ওয়েস্ট ইন্ডিজকে ছয় উইকেটে হারিয়েছে ভারত

Richa Ghosh
Richa Ghosh. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

১৫ই ফেব্রুয়ারি, অভিযানের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ছয় উইকেটে পরাজিত করে ২০২৩ আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত তাদের জয়যাত্রা অব্যাহত রেখেছে। ভারতের জোরালো জয়ের পরে অধিনায়ক হরমনপ্রীত কউর প্রশংসা করেছেন দীপ্তি শর্মা ও রিচা ঘোষের। বল হাতে দীপ্তি সাফল্য পাওয়ার পরে ব্যাটিংয়ের সময় রিচা নজর কাড়েন।

বোলারদের মধ্যে দীপ্তি সেরা ছিলেন এবং তিনি সফলভাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের প্রতারিত করেছিলেন তাঁর বৈচিত্র্য দিয়ে। তাঁর চার ওভারের কোটায় মাত্র ১৫ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন দীপ্তি। অন্যদিকে, রিচা ৩২ বলে অপরাজিত ৪৪ রান করে ভারতকে ১১ বল বাকি থাকতেই ১১৯ রান তাড়া করতে সাহায্য করেছেন। হরমনপ্রীতের সঙ্গে ৭২ রানের চতুর্থ উইকেট জুটিতে জড়িত ছিলেন রিচা। ভারত ৪৩ রানে তিন উইকেট হারানোর পরে এই পার্টনারশিপটি এসেছিল।

তাঁর বোলারদের পারফর্ম্যান্সে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন ভারতীয় অধিনায়ক। বোলাররা ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানের নীচে সীমাবদ্ধ করতে সক্ষম হয়েছিল যেখানে এক পর্যায়ে মনে হচ্ছিল তারা ১৪০-এর কাছাকাছি পৌঁছে যাবে। “আমাদের জন্য এটি একটি দুর্দান্ত দিন ছিল। আমরা যা আশা করছিলাম, আমরা সেভাবেই আমাদের বোলিং করতে পেরেছি,” ম্যাচ পরবর্তী উপস্থাপনায় হরমনপ্রীত বলেছেন।

দীপ্তির বোলিং সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে আগের ম্যাচে হতাশাজনক পারফর্ম্যান্সের পরে তিনি বোলিং কোচের সঙ্গে কঠোর পরিশ্রম করেছিলেন এবং বুধবার তার ফল পেয়েছিলেন। “আমরা টিম মিটিংয়ে দীপ্তির বোলিং নিয়ে আলোচনা করেছি এবং সে আগের ম্যাচ নিয়ে খুশি ছিল না। বোলিং কোচ তাকে সাহায্য করেছিল এবং আজ সে ফলাফল পেয়েছে,” তিনি যোগ করেছেন।

রিচা এমন একজন যে আমাদের জন্য ম্যাচটা টেনে নিয়ে যেতে পারে: হরমনপ্রীত কউর

রিচার বড় শট মারার এবং দলের হয়ে খেলা শেষ করার ক্ষমতা দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছেন হরমনপ্রীত। “সে (রিচা) আমাদের জন্য দুর্দান্ত ছিল। সে এমন একজন যে আমাদের জন্য ম্যাচটা টেনে নিয়ে যেতে পারে এবং আমরা সত্যিই খুশি যে সে ছন্দে রয়েছে। আমরা দুটি ফলাফলে খুশি এবং পরের ম্যাচে এই ছন্দটি চালিয়ে যেতে চাই,” বলেছেন হরমনপ্রীত।

পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের প্রথম দুটি ম্যাচে জয়ের পরে ভারত ১৮ই ফেব্রুয়ারি সেন্ট জর্জ’স পার্কে পরবর্তী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে। ভারত বর্তমানে গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে রয়েছে এবং সমান সংখ্যক পয়েন্ট থাকা সত্ত্বেও উন্নত নেট রান রেটের কারণে ইংল্যান্ড গ্রুপ শীর্ষে রয়েছে।

close whatsapp