ক্যামেরন গ্রিন ফিরছেন, আশাবাদী অজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারি
আঙুলে চোট পাওয়ায় গ্রিন প্রথম টেস্টে খেলতে পারেননি
আপডেট করা - Feb 14, 2023 11:12 am

দ্বিতীয় বর্ডার-গাভাস্কার ট্রফি টেস্টের আগে অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যালেক্স ক্যারি জানিয়েছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন চোট থেকে দ্রুত পুনরুদ্ধার করছেন এবং গ্রিনের খেলার বিষয়ে আশাবাদী ক্যারি। তিন দিনের মধ্যে নাগপুরে সিরিজের উদ্বোধনী ম্যাচে হেরে যাওয়ার পরে সফরকারীরা তরুণ অলরাউন্ডারকে একাদশে পেলে আরও শক্তিশালী হয়ে দিল্লি টেস্টে নামতে পারবে।
প্রথম টেস্টের জন্য ক্যামেরন গ্রিন আনফিট ছিলেন এবং তিনি যদি একাদশে থাকতেন তবে শুধুমাত্র একজন ব্যাটার হিসেবেই খেলতে পারতেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের সময় তাঁর আঙুলে ফ্র্যাকচার হয়েছিল। প্রথম একাদশে পেস-বোলিং অলরাউন্ডার অনুপস্থিত থাকায় অস্ট্রেলিয়ার ভারসাম্য ব্যাহত হয়েছিল কারণ তাদের অতিরিক্ত ব্যাটার খেলাতে হয়েছিল।
গ্রিন নেটে ভালো ছন্দে আছেন এবং শীঘ্রই মাঠে ফিরতে পারে্ন দাবী করে ক্যারি Cricket.com.au-কে বলেছেন, “ওকে বেশ ভালো দেখাচ্ছে। আমি ১০০ শতাংশ নিশ্চিত নই (সম্পূর্ণ ফিট কিনা) – সে দেশের জন্য একজন দুর্দান্ত অলরাউন্ডার। খুব শীঘ্রই তাকে ফিরে আসতে দেখলে ভালো লাগবে। কতটা চাপ নিতে পারবে তা আমরা নির্বাচকদের উপর ছেড়ে দেব, কিন্তু তাকে বেশ ভালো দেখাচ্ছে।”
আমরা এখনও খুব ইতিবাচক যে আমরা দিল্লিতে প্রত্যাবর্তনে সক্ষম হব: অ্যালেক্স ক্যারি
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে দ্বিতীয় টেস্টের জন্য দিল্লি রওনা হওয়ার আগে নাগপুরে অস্ট্রেলিয়ার মূল স্কোয়াড থেকে আলাদা হয়ে অনুশীলন করেছিলেন অলরাউন্ডার। তিনি নেটে সম্পূর্ণ তীব্রতার সঙ্গে ব্যাটিং ও বোলিং করেছেন, কিন্তু ফিল্ডিং অনুশীলনের সময় সফটবল ব্যবহার করেছেন, যা ইঙ্গিত করে যে তিনি এখনও ১০০ শতাংশ ফিট নন।
সিরিজে অস্ট্রেলিয়ার প্রত্যাবর্তনের ক্ষমতা নিয়ে তাঁর আস্থা প্রকাশ করে ক্যারি বলেছেন, “সবে চারটির মধ্যে প্রথম টেস্টটি হল এবং আমরা এখনও খুব ইতিবাচক যে আমরা দিল্লিতে প্রত্যাবর্তনে সক্ষম হব এবং এই সিরিজটি সমান-সমান করতে পারব। আমরা বিশ্বাস করি যে গত ১২ থেকে ১৮ মাস যা করেছি তা এখানেও চালিয়ে যেতে পারব।”
“আমি মনে করি আমরা সত্যিই একটি শক্তিশালী টেস্ট দল। সমস্ত দিক কভার করেছি। দুর্ভাগ্যবশত প্রথম টেস্টটি পরিকল্পনা মতো এগোয়নি, তবে সফরে আসার আগে যে বার্তা ছিল সেই অনুযায়ী আরও শক্তিশালী হয়ে খেলার কথা ভাবছি,” ক্যারি আরও যোগ করেছেন।
অস্ট্রেলিয়া চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডাব্লিউটিসি) চক্রে শুধুমাত্র একটি টেস্ট হেরে বর্ডার-গাভাস্কার ট্রফিতে এসেছে। স্পিন বোলিংয়ের বিরুদ্ধে তাদের সংগ্রাম উন্মোচিত হয়েছিল এবং তারা সিরিজের উদ্বোধনী ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মাত্র ২৬৮ রান করতে পেরেছিলেন।