‘আমার সময়েই ডাব্লিউপিএলের পরিকল্পনা হয়েছিল’ – কৃতিত্বের অংশীদার হতে চায়ছেন সৌরভ
ডাব্লিপিএল ৫টি দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আশাবাদী সৌরভ
আপডেট করা - Jan 27, 2023 5:35 pm

বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন যে মহিলাদের প্রিমিয়ার লিগ আয়োজনের ধারণাটি তাঁর সভাপতিত্বের মেয়াদেই উদ্ভূত হয়েছিল এবং লিগটি বাস্তবায়নের যাবতীয় ক্রিয়াকলাপ বিগত কয়েক মাসে হয়েছে। কটি দল থাকবে, সেই দলগুলির মালিকানা কাদের হাতে যাবে, লিগের মিডিয়ার স্বত্বাধিকার প্রভৃতি বিষয়গুলি বিসিসিআই সম্প্রতি নির্ধারণ করেছে।
৫০ বছর বয়সী বলেছেন যে ভারতে মহিলাদের ক্রিকেটের প্রচুর সম্ভাবনা রয়েছে এবং তিনি বিশ্বাস করেন যে এই টুর্নামেন্টে কেবল পাঁচটি দলে সীমাবদ্ধ থাকবে না। তিনি উল্লেখ করেছেন যে আগামী বছরগুলিতে আরও ফ্র্যাঞ্চাইজি যোগ দেবে এবং লিগের সাফল্য অনেকটাই বাড়বে।
“আমি যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিলাম সেই সময়ে আমরা একসঙ্গে ব্রেনস্টর্মিং করেছি। সভাপতি হিসেবে আমি ছিলাম, সহ-সভাপতি হিসেবে রাজীব শুক্লা, সেক্রেটারি হিসেবে জয় শাহ, কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। আমরা সে সময় এই পরিকল্পনা করেছিলাম, এখন তা বাস্তবায়ন হয়েছে। সেটাই করতে হবে। আমি মহিলাদের আইপিএল নিয়ে বিস্মিত নই কারণ ভারতীয় ক্রিকেটে এটার একটি বড় অংশ রয়েছে এবং আগামী দিনগুলিতে, আমি মনে করি যে এটি শুধুমাত্র ৫টি দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না,” ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন সৌরভ।
আমি নারী ক্রিকেটের জন্য অনেক পরিশ্রম ও সময় দিয়েছি: সৌরভ গাঙ্গুলী
প্রাক্তন ভারত অধিনায়ক আরও বলেছেন যে তিনি দেশে মহিলাদের ক্রিকেটের বিকাশে সহায়তা করার জন্য অনেক প্রচেষ্টা করেছেন। তবে মহামারীর কারণে সবকিছু স্থবির হয়ে পড়ায় তিনি তেমন কিছু করতে পারেননি। মহিলাদের ক্রিকেট নিয়ে অসাধারণ কাজ করার জন্য ক্রিকেটার, কোচ এবং কর্মীদের প্রশংসা করেছেন তিনি।
“আমি নারী ক্রিকেটের জন্য অনেক পরিশ্রম ও সময় দিয়েছি। ৩ বছরে আমি ও জয় দুজনেই এর জন্য প্রচেষ্টা করেছি। কিন্তু এর মধ্যে কোভিড-১৯ ছিল দুই বছর। এ কারণে অনেক কিছুই আটকে ছিল। আমি গত তিন বছরে নারী ক্রিকেটে অনেক উন্নয়ন দেখেছি। এবং আমি আমাদের নারী ক্রিকেটার, কোচ এবং কর্মীদের যথাযথ কৃতিত্ব দিতে চাই যারা অসাধারণ কাজ করেছে,” তিনি যোগ করেছেন।
এদিকে, মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণ মার্চ মাসে শুরু হবে এবং পুরো টুর্নামেন্টটি মুম্বাইতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ডাব্লিউপিএলের জন্য নিলাম আয়োজিত হতে চলেছে ফেব্রুয়ারি মাসে।