ভারত সফরের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক অভিষেক হতে পারে টড মার্ফি, ল্যান্স মরিসের
আপডেট করা - Jan 14, 2023 3:21 pm

আসন্ন ভারত সফরে বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য অস্ট্রেলিয়া একটি শক্তিশালী ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এখনও অবধি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া স্পিনার টড মার্ফি প্রথমবারের জন্য জাতীয় টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন। ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে চারটি টেস্ট ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে অস্ট্রেলিয়া ও ভারত উভয়ের জন্যই এটি শেষ টেস্ট সিরিজ।
ভারতের স্পিন-বান্ধব পিচের জন্য অস্ট্রেলিয়া মোট চারজন স্পিনার অন্তর্ভুক্ত করেছে। সিনিয়র পেসার মিচেল স্টার্ক স্কোয়াডে থাকলেও নাগপুরে প্রথম টেস্টের অংশ হবেন না। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের সময় আঙুলে চোট পাওয়া স্টার্ক দ্বিতীয় ম্যাচের আগে চোটমুক্ত হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
দলটিতে অভিজ্ঞ স্পিনার ন্যাথান লায়নের পাশাপাশি স্পিনার হিসেবে রয়েছেন অ্যাশটন অ্যাগার, মিচেল সোয়েপসন ও মার্ফি। অন্য এক চোট পাওয়া খেলোয়াড় ক্যামেরন গ্রিনকেও দলে রাখা হয়েছে। উদীয়মান অলরাউন্ডার কোন টেস্ট থেকে খেলতে পারবেন তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি। অনভিজ্ঞ পেসার ল্যান্স মরিসকেও স্কোয়াডে রাখা হয়েছে বিকল্প হিসেবে।
“অ্যাশটন অ্যাগার সিডনিতে তাঁর প্রত্যাবর্তনে মুগ্ধ করেছেন এবং আমরা বিশ্বাস করি বাঁ-হাতি ফিঙ্গার স্পিনার ভারতীয় কন্ডিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মিচেল সোয়েপসনের সাম্প্রতিক কালে উপমহাদেশে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে এবং লেগ-স্পিনিং বৈচিত্র্য রয়েছে। টড মার্ফি ঘরোয়া ক্রিকেটে এবং সম্প্রতি অস্ট্রেলিয়া এ-র হয়ে দ্রুত উন্নতি করেছে। এই পারফর্ম্যান্সের কারণে টড একটি শক্তিশালী স্পিন বিকল্প হিসাবে আবির্ভূত হয়েছে,” ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকদের চেয়ারম্যান জর্জ বেইলি বলেছেন।
এর আগে ভারতে টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা ম্যাথিউ রেনশ ও পিটার হ্যান্ডসকম্বকে স্কোয়াডে রাখা হয়েছে
প্রথম টেস্ট থেকে স্টার্ক ছিটকে যাওয়ায় বাড়তি গতির কারণে নাগপুর টেস্টে মরিসের খেলার সম্ভাবনা বেশী। মার্কাস হ্যারিসকে সফরের জন্য বেছে নেওয়া হয়নি, তবে ব্যাকআপ ব্যাটার হিসেবে যোগ করা হয়েছে ম্যাথিউ রেনশ ও পিটার হ্যান্ডসকম্বকে। যেহেতু কোনো বিকল্প উইকেটকিপারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি, তাই অ্যালেক্স ক্যারি ম্যাচ খেলার মতো অবস্থায় না থাকলে হ্যান্ডসকম্বকে উইকেটকিপারের গ্লাভস হাতে দেখা যেতে পারে।
হ্যারিসের বদলি হিসেবে হ্যান্ডসকম্বকে অস্ট্রেলিয়ার স্কোয়াডে রাখা হয়েছে। ২০১৭-তে অস্ট্রেলিয়ার শেষ ভারত সফরে হ্যান্ডসকম্ব ও রেনশ দুজনেই চারটি টেস্ট ম্যাচেই অংশগ্রহণ করেছিলেন। রাঁচিতে রেনশ দুটি হাফ সেঞ্চুরি করেন, যেখানে হ্যান্ডসকম্ব ২০০ বলে অপরাজিত ৭২ রান করেন। এছাড়া গত দুই মরসুমে তিনি শেফিল্ড শিল্ড ক্রিকেটেও নজর কেড়েছেন।
ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, পিটার হ্যান্ডসকম্ব, ট্র্যাভিস হেড, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশেন, ন্যাথান লায়ন, ল্যান্স মরিস, টড মার্ফি, ম্যাথিউ রেনশ, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ডেভিড ওয়ার্নার।